হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোট, ভারতসহ ১৪২ দেশের সমর্থন

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র সমাধানকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আনা ‘নিউইয়র্ক ঘোষণা’কে সমর্থন করল ভারত। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪২, বিপক্ষে ১০ এবং বিরত থাকে ১২ দেশ। বিরোধীদের তালিকায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেসিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে ও টোঙ্গাকে। ফ্রান্স ও সৌদি আরবের উপস্থাপিত সাত পাতার নথিতে আহ্বান জানানো হয়েছে, “গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।”

এতে গাজায় শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত বন্দিকে মুক্তি দিতে এবং শর্ত হিসেবে বলা হয়েছে, তাদের অবশ্যই গাজার শাসন সমাপ্ত করতে হবে ও অস্ত্রসমূহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি-ফরাসি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে, যা দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করতে চায়। মন্ত্রণালয় আরও আহ্বান জানিয়েছে “ইসরায়েলি ঔপনিবেশিক দখলদারিত্বের অবসান ঘটাতে সব ধরনের প্রক্রিয়া সক্রিয় করার এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার।”

প্রস্তাবটির পূর্ণাঙ্গ নাম ছিল ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন’। গত জুলাই মাসে জাতিসংঘের সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে এটি প্রচার করা হয়েছিল। ঘোষণাপত্রে বলা হয়, নেতারা একমত হয়েছেন, “গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। দ্বি-রাষ্ট্র সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনি, ইসরায়েলি ও সমগ্র অঞ্চলের মানুষের জন্য একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”

প্রস্তাবে ইসরায়েলি নেতৃত্বের কাছে স্পষ্টভাবে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি প্রকাশ এবং একটি সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলকে তৎক্ষণাৎ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ও উসকানি বন্ধ করতে, দখলদারিত্ব, ভূমি দখল ও সংযুক্তিকরণমূলক কর্মকাণ্ড (বিশেষত পূর্ব জেরুজালেমে) স্থগিত করতে, প্রকাশ্যে যেকোনো সংযুক্তিকরণ বা বসতি স্থাপন নীতি থেকে সরে আসতে এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে বলা হয়।

ঘোষণাপত্রে আবারও জোর দিয়ে বলা হয়, “ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করা হচ্ছে।” এতে আরও উল্লেখ করা হয়, “সাম্প্রতিক ঘটনাবলি আবারও প্রমাণ করেছে, মধ্যপ্রাচ্য সংঘাতের স্থায়িত্ব আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার জন্য ভয়াবহ মানবিক মূল্য ও গুরুতর প্রভাব ডেকে আনছে।”

এছাড়া বলা হয়, “দ্বি-রাষ্ট্র সমাধান ও দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া এই সংঘাত আরও ঘনীভূত হবে এবং আঞ্চলিক শান্তি অধরাই থেকে যাবে।” গাজার অবস্থান স্পষ্ট করে ঘোষণায় বলা হয়, “যুদ্ধ এখনই শেষ করতে হবে। গাজা ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, একে অবশ্যই পশ্চিম তীরের সঙ্গে একীভূত করতে হবে। কোনো দখলদারিত্ব, অবরোধ, ভূখণ্ড সঙ্কোচন বা জোরপূর্বক বাস্তুচ্যুতি চলবে না।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও