ফার্মা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩৫, নিখোঁজ ১৭

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাসামইলারামে সিগাচি ইন্ডাস্ট্রিজের ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। মঙ্গলবার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ সংবাদসংস্থা পিটিআই-কে জানান, ধ্বংসস্তূপ সরানোর সময় একে একে উদ্ধার হচ্ছে মৃতদেহ। এখন পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে ৩১টি দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এখনও নিখোঁজ ১৭ জনের খোঁজে চলছে চূড়ান্ত উদ্ধার অভিযান।

সোমবার ঘটে যাওয়া এই বিস্ফোরণের পেছনে প্রাথমিকভাবে একটি রাসায়নিক বিক্রিয়াকেই কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি। তিনি মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, একটি পরিচিত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান। তারা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই), ইন্টারমিডিয়েটস, এক্সসিপিয়েন্টস, ভিটামিন-মিনারেল মিশ্রণ প্রভৃতি উৎপাদন করে থাকে এবং একইসঙ্গে পরিচালন ও ব্যবস্থাপনা পরিষেবাও প্রদান করে। এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু সংস্থার অভ্যন্তরেই নয়, গোটা শিল্পাঞ্চলে এবং রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও