টিকটক কি ফিরছে ভারতে? পাঁচ বছর পর খুলল ওয়েবসাইট

পাঁচ বছর আগে নিষিদ্ধ হওয়ার পর ফের ভারতে টিকটক নিয়ে জল্পনা শুরু হয়েছে। জনপ্রিয় চীনা শর্ট ভিডিও অ্যাপটির ওয়েবসাইট কিছু ব্যবহারকারীর জন্য ভারতে আবার চালু হয়েছে। ফলে সাবেক ভারতীয় ইউজারদের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনো গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোরে টিকটক অ্যাপ পাওয়া যাচ্ছে না। কোম্পানির তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে এই ‘ফিরে আসা’র খবরের সঙ্গেই থাকছে কিছু সীমাবদ্ধতাও। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ওয়েবসাইট তাদের কাছে খোলা গেলেও অন্যরা বলেছেন, এটি এখনো ব্লক রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া’র টেক টিম পরীক্ষা করে দেখে যে, হোমপেজ খোলা যাচ্ছে ঠিকই, কিন্তু তার বাইরে আর কোনো পেজ অ্যাক্সেস করা যাচ্ছে না।

টিকটক কি ফিরছে ভারতে? জল্পনার মাঝেই কেন্দ্রের স্পষ্টীকরণ

ভারতে হঠাৎ টিকটকের ওয়েবসাইটের হোমপেজ খুলে যাওয়ায় জল্পনা ছড়ালেও ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র স্পষ্ট করেছে, চীনা এই অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা এখনো তোলা হয়নি।এর আগে বেশ কিছু ব্যবহারকারী দাবি করেছিলেন, বাইটডান্স মালিকানাধীন টিকটকের ওয়েবসাইট তারা ভারতে খুলতে পেরেছেন। যদিও গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে টিকটক অ্যাপ এখনো অপ্রাপ্য।সরকারি সূত্র জানায়, “ভারত সরকার টিকটক আনব্লক করার কোনো নির্দেশ জারি করেনি। এ নিয়ে যে খবর বা দাবি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।”

২০২০ সালে কেন ভারতে টিকটক নিষিদ্ধ হয়েছিল

টিকটক ওয়েবসাইট খোলার ঘটনাকে ঘিরে ফের নতুন করে আলোচনায় এসেছে ২০২০ সালের নিষেধাজ্ঞা। ওই সময় ভারত সরকার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটকসহ মোট ৫৯টি চীনা অ্যাপ (যার মধ্যে ছিল শেয়ারইট, ক্যামস্ক্যানারও) ব্লক করে দেয়। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছিল, এই অ্যাপগুলো ভারতের “সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকর।”

এদিকে, টিকটককে ঘিরে আমেরিকাতেও তৈরি হয়েছে বিতর্ক। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, টিকটকের মার্কিন শাখা কিনতে কয়েকজন আমেরিকান ক্রেতা প্রস্তুত আছেন, আর চাইলে তিনি চীনা মূল কোম্পানি বাইটডান্সকে মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা বাড়াতেও রাজি। এদিকে, যুক্তরাজ্যে বহু কর্মী ছাঁটাই করেছে টিকটক।কোম্পানির দাবি, এটি একটি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ, যার মাধ্যমে তারা তাদের কার্যক্রমকে কেন্দ্রীভূত করতে এবং কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তারওপর আরও বেশি নির্ভর করতে চাইছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও