ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, নাম বাদ দেওয়া বা সংশোধনের যে কোনও অনলাইন আবেদনের ক্ষেত্রেই এখন থেকে আধার-সংযুক্ত মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করল ভারতের নির্বাচন কমিশন। আবেদনকারীদের আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে আধার-সংযুক্ত নম্বর জমা দিতে হবে।নির্বাচন কমিশনের এক শীর্ষকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, প্রায় এক মাস আগে কমিশন এই সিদ্ধান্ত নেয় যে অনলাইন ভোটার সংযোজন ও বিয়োজন প্রক্রিয়ায় আধার-সংযুক্ত নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হবে। কমিশনের আইটি শাখা এই বিষয়ে কাজ করছে এবং এখন সিস্টেমটি বাস্তবায়িত হয়েছে।
রাহুলের অভিযোগের পরেই প্রশ্ন
এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কিছুদিন আগে কংগ্রেস নেতা ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধী কর্ণাটকে ব্যাপক হারে ভোটার বিয়োজনের অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, কমিশন ইচ্ছাকৃতভাবে সিআইডিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেনি। রাহুলের কথায়, “এটা হঠাৎ কিছু নয়, পরিকল্পিত। এক ‘তৃতীয় শক্তি’ নিশানা করে ভোটারদের নাম বাদ দিচ্ছে।” তিনি অভিযোগ করেন, আলন্দ বিধানসভা কেন্দ্রে ৬,০১৮ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। কমিশনের বিরুদ্ধে সরাসরি ওঠে আসে ‘ভোট চুরির’ অভিযোগ।
তবে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক ভি. অম্বুকুমার স্পষ্ট করে জানান, ২০২২ সালের ডিসেম্বরে আলন্দের ইলেক্টোরাল রোল অফিসার অনলাইনে ৬,০১৮টি ফর্ম–৭ (ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন) পান। এত বিশাল সংখ্যক আবেদনের সত্যতা নিয়ে সন্দেহ হওয়ায় নথি যাচাই ও মাঠ পর্যায়ের তদন্ত করা হয়।ফলাফলে দেখা যায়, মাত্র ২৪টি আবেদন আসল, বাকি ৫,৯৯৪টি ভুয়ো, যেগুলো খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ, কোনও ‘বড়সড় ভোটার বাদ’ হয়নি। উলটে ভুয়ো আবেদনকারীদের বিরুদ্ধে আলন্দ থানায় এফআইআর (নম্বর ২৬/২০২৩, তারিখ ২১.০২.২০২৩) দায়ের করা হয়।
রাহুলের পাল্টা মন্তব্য
তবে ইন্ডিয়ান এক্সপ্রেস-এ আধার-সংযুক্ত নম্বর বাধ্যতামূলক করার খবর প্রকাশিত হতেই রাহুল গান্ধী এক্স-এ (পূর্বতন টুইটার) সরব হন। তাঁর অভিযোগ, “জ্ঞ্যানেশ জি, চুরিটা আমরা ধরেছি, তখনই তালায় তালা লাগানোর কথা মনে পড়ল! এখন চোরকেও ধরব। বলুন তো, সিআইডিকে প্রমাণ কবে দিচ্ছেন?”
ভোটার তালিকা সংশোধনে অনলাইনে ‘ই-সাইন’ বাধ্যতামূলক
অনলাইন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে ফর্ম ৬ (নতুন নাম অন্তর্ভুক্তি), ফর্ম ৭ (ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার আপত্তি) এবং ফর্ম ৮ (ভুল সংশোধন) এখন থেকে আধার প্রমাণীকরণের মাধ্যমে ‘ই-সাইন’ বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাঁদের আধার নম্বর নেই, তাঁরা আগের মতো কাগজপত্র পূরণ করে ব্যক্তিগতভাবে নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) বা বুথ লেভেল আধিকারিকের (বিএলও) কাছে জমা দিতে পারবেন। নির্বাচন কমিশনের সূত্র ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত অনলাইন আবেদনগুলিতে ‘ই-সাইন’-এর শর্ত আগস্টে ভাবনা-চিন্তা শুরু হয় এবং সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে নীরবে চালু করা হয়। অর্থাৎ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ১৮ সেপ্টেম্বরের সাংবাদিক সম্মেলনের আগেই এই নিয়ম কার্যকর হয়।
ইসির দাবি, ‘ই-সাইন’ ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য হলো, আবেদনকারীর ভোটার ফটো আইডি (ইপিক)-এ উল্লিখিত নাম ও ফোন নম্বর অনলাইনে জমা দেওয়া ফর্ম ৬, ৭ বা ৮-এ দেওয়া তথ্যের সঙ্গে আধার ডাটাবেসে নথিভুক্ত তথ্য মিলিয়ে দেখা। বিশেষ করে ফর্ম ৭-এর ক্ষেত্রে, যেখানে একজন ভোটার তার নিজের বিধানসভা এলাকার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ যাওয়ার বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন, সে ক্ষেত্রে আবেদনকারীকে নিজের নাম, ইপিক নম্বর এবং মোবাইল নম্বর দিতে হয়। মোবাইল নম্বর নিজের বা নিকট আত্মীয়ের (পিতা/মাতা/স্বামী/আইনগত অভিভাবক) হতে পারে। ফর্ম জমা দেওয়ার আগে ই-সাইন অপশনে আধার-ভিত্তিক ওটিপি দিয়ে প্রমাণীকরণ করতে হয়।




