“নিম্নতার রাজনীত, সুবিধাবাদী রাজনৈতিক নাট্য”, নাগরাকাটা হামলা নিয়ে মোদীর ‘এক্স’ পোস্টের পাল্টা আক্রমণ মমতার

উত্তরবঙ্গ যখন বন্যা-বিধ্বস্ত, পাহাড়-তরাইয়ে যখন চলছে ত্রাণ ও উদ্ধার অভিযান ঠিক তখনই রাজনীতি উত্তাল হয়ে উঠল ‘এক্স’-এ (সাবেক টুইটার)। জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাকে ঘিরে সোমবার পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে লিখেছিলেন, “তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।” এর ঠিক পরেই সেই অভিযোগের জবাবে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই প্ল্যাটফর্মে বাংলায় ও ইংরেজিতে পোস্ট করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তাঁর তীব্র মন্তব্য, “এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে, ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই – তা-ও আবার যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ধসের সঙ্গে যুঝছেন।” মুখ্যমন্ত্রী লেখেন, “যখন সমগ্র স্থানীয় প্রশাসন ও পুলিশ ত্রাণ ও উদ্ধারের কাজে ব্যস্ত হয়ে আছে, তখন বিজেপি নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন বিপুল সংখ্যক গাড়ির কনভয় নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে কোনো খবর না দিয়ে। রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে কীভাবে এই ঘটনার জন্য দায়ী করা যাবে?”

প্রধানমন্ত্রীর অভিযোগ যে রাজ্য সরকারই হামলার পেছনে, তা নস্যাৎ করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করেছেন কিছুমাত্র প্রমাণ ছাড়া, আইনানুগ কোনো তদন্ত ছাড়া এবং কোনো প্রশাসনিক রিপোর্ট ছাড়া। এটা শুধু রাজনৈতিক নিম্নতা স্পর্শ করল না, যে সাংবিধানিক নৈতিকতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, সেই নৈতিকতারও লঙ্ঘন হল। যে কোনো গণতন্ত্রে আইন তার নিজস্ব পথ নেয় এবং কোনো ঘটনার দায় নির্ধারিত হয় যথাযথ প্রক্রিয়ায় – কোনো রাজনৈতিক বেদীর উচ্চতা থেকে করা একটি ট্যুইটের মাধ্যমে নয়।”

মমতা আরও স্মরণ করিয়ে দেন, নাগরাকাটা এলাকারই বিধায়ক বিজেপির। তাঁর কড়া খোঁচা, “ঘটনাটি ঘটেছে এমন এক এলাকায়, যেখানে জনগণ নিজেরাই একজন বিজেপি বিধায়ককে নির্বাচিত করেছেন। অথচ প্রধানমন্ত্রী সেখানে তৃণমূলের কথিত ‘দাদাগিরি’-র গল্প খাড়া করতে দ্বিধা করেননি। এই ধরনের অযাচিত ও অপ্রমাণিত মন্তব্য কেবল অপরিণত নয়, বরং দেশের সর্বোচ্চ পদে থাকা একজন নেতার মর্যাদার সঙ্গে একেবারেই বেমানান।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “যে প্রধানমন্ত্রী মণিপুরে জাতি-হিংসা শুরু হবার ৯৬৪ দিন পরে সেখানে যাওয়ার অবকাশ পেয়েছিলেন, তাঁর কাছ থেকে বাংলার জন্য এই সহসা উদ্বেগ কোনো সমবেদনার পরিচয় নয়। বরঞ্চ, এটাকে সুবিধাবাদী রাজনৈতিক নাট্যের মতো মনে হচ্ছে।”

শেষে প্রধানমন্ত্রীকে সরাসরি উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর বার্তা, “প্রধানমন্ত্রীকে বলি, নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন, শুধু নিজের দলের লোকের কথা শুনবেন না। আপনি ভারতের প্রধানমন্ত্রী, কেবল বিজেপির নন। আপনার দায়িত্ব দেশ-নির্মাণ, কাহিনি নির্মাণ নয়। সঙ্কটের এই মুহূর্তে,আমরা যেন বিভাজন না বাড়াই। আমাদের একত্রিত হতে হবে, দলীয় লাইনের ঊর্ধ্বে মানুষের সেবায় – যে মানুষ এখন আমাদের সেবা সবচেয়ে বেশি চাইছে। রাজনীতি আরেকদিন হোক।”

প্রসঙ্গত, সোমবার ‘এক্স’-এ এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যেভাবে আমাদের দলের সহকর্মীরা যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও