খগেন-শঙ্কর হামলা কাণ্ডে গ্রেফতার আরও দু’জন

নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে শাহানুর আলম ও তোয়াফেল হোসেন নামে দুই অভিযুক্তকে নাগরাকাটার বিভিন্ন এলাকা থেকে ধরা হয়। এর আগের দিনই গ্রেফতার হয়েছিল গোবিন্দ শর্মা ও আক্রামুল হক। অর্থাৎ, চার দিনের মাথায় মোট চারজন অভিযুক্তের হাতে হাতকড়া পড়ল। জানা গিয়েছে ধৃতদের সবাই নাগরাকাটারই বাসিন্দা। তবে তাঁদের নাম বিজেপির দায়ের করা এফআইআরের তালিকায় রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হয়নি। এদিকে, আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, গত সোমবার নাগরাকাটার বামনডাঙায় ত্রাণসামগ্রী দিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন মালদা উত্তর আসনের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। স্থানীয়দের বিক্ষোভ মুহূর্তেই হিংসাত্মক হয়ে ওঠে। অভিযোগ, লাঠি, জুতো, এমনকি পাথর নিয়েও আক্রমণ চালানো হয় তাঁদের উপর। সাংসদ খগেন মারাত্মকভাবে জখম হন, মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়, চোখের নীচে রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সহকর্মী বিধায়ক শঙ্কর ঘোষের হাতে আঘাত লেগেছে, তবে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও