বিহার রাজনীতিতে জল্পনার অবসান। অবশেষে মুখ খুললেন নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর। তিনি জানালেন, এই বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন না। দলের সংগঠন ও রাজ্যজুড়ে প্রচারেই মন দেবেন তিনি। একইসঙ্গে স্পষ্ট ভবিষ্যদ্বাণী, বিহারে এনডিএর পরাজয় অনিবার্য, আর মুখ্যমন্ত্রী হিসেবে আর ফিরছেন না নীতীশ কুমার।
প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ পার্টি’-র এটাই প্রথম ভোটের লড়াই। নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিক হওয়া প্রশান্ত কিশোর স্পষ্ট জানিয়ে দিলেন, বিহার বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। তাঁর নবগঠিত দল ‘জন সুরাজ পার্টি’-র হয়ে নির্বাচনী আত্মপ্রকাশ হলেও, তিনি নিজে লড়বেন না। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিশোর বলেন, দলের সংগঠন ও প্রচারে মনোযোগ দিতেই তিনি ভোটের ময়দানে নামছেন না।
গতরাতে যখন জন সুরাজ পার্টি রাঘোপুর বিধানসভা আসনে চঞ্চল সিং-কে প্রার্থী ঘোষণা করে, তখনই পরিষ্কার হয়ে যায় কিশোরের সিদ্ধান্ত। এর আগে তিনি বলেছিলেন, যদি ভোটে লড়েন, তা হলে নিজের জেলা কারগাহার বা রাঘোপুর— এই দুই আসনের মধ্যে একটি থেকে লড়বেন। কিন্তু দলের প্রথম তালিকাতেই কারগাহার থেকে ঋতেশ রঞ্জন (পাণ্ডে)-কে এবং রাঘোপুর থেকে চঞ্চল সিং-কে প্রার্থী করা হয়। ফলে আর কোনও সন্দেহ রইল না প্রশান্ত কিশোরের ভোটে লড়াই নিয়ে।
রাঘোপুর আসনটি দীর্ঘদিন ধরেই আরজেডি-র দুর্গ, বর্তমানে সেখানকার বিধায়ক তেজস্বী যাদব। তাই ওই আসনে লড়াই মানে এক কঠিন যুদ্ধ। কিশোরের মতে, নির্বাচনে নামলে তাঁকে একটি কেন্দ্রে বেঁধে ফেলত, আর তাতে দলের রাজ্যজুড়ে প্রচারেও সমস্যা হতো, কারণ জন সুরাজের সবচেয়ে বড় মুখ তিনি নিজেই। কিশোর বলেন, “দল সিদ্ধান্ত নিয়েছে, আমি যেন সংগঠন গঠনের কাজে মন দিই, প্রার্থী না হই।” একইসঙ্গে তিনি দলের জন্য বড় লক্ষ্যও বেঁধে দিলেন, “দল যদি ১৫০ আসনের কম পায়, তাহলে সেটা আমাদের জন্য পরাজয় বলে ধরা হবে।”
প্রশান্ত কিশোর সরাসরি দাবি করেছেন, “বিহারে এনডিএ-র পরাজয় নিশ্চিত। নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হয়ে ফিরতে পারবেন না।” তাঁর বক্তব্য, “জেডিইউ এবার ২৫টি আসনও পাবে না।” তিনি স্মরণ করিয়ে দেন, “গত বিধানসভা নির্বাচনের সময় চিরাগ পাসোয়ান ভোট ঘোষণার কয়েক দিন আগে বিদ্রোহ ঘোষণা করে জেডিইউ-র প্রার্থীদের বিরুদ্ধে নিজের প্রার্থী দেন। ফলে নীতীশ কুমারের দলের আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৪৩। এবারের পরিস্থিতিও ভালো নয়।”
তবে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ নিয়েও আশাবাদী নন তিনি। কিশোর বলেন, “আরজেডি ও কংগ্রেসের মধ্যে লাগাতার টানাপোড়েন চলছে। আর মুকেশ সাহানির বিকাশশীল ইন্সান পার্টি আদৌ এখনও তাদের সঙ্গে আছে কি না, কেউ নিশ্চিত নয়।” উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোট হবে দু’দফায় ৬ ও ১১ নভেম্বর, ফল ঘোষণা ১৪ নভেম্বর।




