বিহারে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী চূড়ান্ত

অবশেষে চূড়ান্ত হলো মহাগঠবন্ধন-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী জোট মহাগঠবন্ধন-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হল তেজস্বী যাদবের নাম। দীর্ঘ কয়েক সপ্তাহের আসন-বণ্টন জটের পর অবশেষে পাটনায় এক যৌথ সাংবাদিক বৈঠকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট এই ঘোষণা করেন। গেহলট বলেন, “তেজস্বী তরুণ, উদ্যমী ও প্রতিশ্রুতিবদ্ধ,তাই আমরা ওকেই মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করছি।” এরপরই তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন “আমাদের মুখ তেজস্বী যাদব। এখন আপনারা বলুন, এনডিএ-র মুখ কে?” তিনি আরও জানান, বিকাশশীল ইন্সান পার্টি-র প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে। তবে ভবিষ্যতে আরও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত দেন গেহলট।

কংগ্রেস-আরজেডি দ্বন্দ্বে ঐক্যের বার্তা

কয়েক সপ্তাহের আসন-বণ্টন নিয়ে টানাপোড়েনের পর এই সাংবাদিক বৈঠক মহাগঠবন্ধনের ঐক্যেরই প্রতীক। এতদিন কংগ্রেস সরাসরি তেজস্বীর নাম মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেনি, সেটাকেই তারা আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল বেশি আসন পাওয়ার জন্য। ২০২০ সালের বিধানসভা ভোটে আরজেডি লড়েছিল ১৪৪ আসনে ও জেতে ৭৫-এ; কংগ্রেস লড়েছিল ৭০-এ, কিন্তু জেতে মাত্র ১৯টি। এবার আরজেডি প্রার্থী দিয়েছে ১৪৩ আসনে, কংগ্রেস ৫৯-এ, মুকেশ সাহানির দল ভিআইপি ১৫-২০ আসনে। বামদলগুলোকেও দেওয়া হয়েছে প্রায় ৩০ আসন। যদিও কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই-এর আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ একাধিক জোটদল একই আসনে প্রার্থী দিয়েছে। আজ দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ফলে অনেক প্রার্থী শেষ মুহূর্তে নাম তুলেও নিতে পারেন।

নীতিশ কুমারকে কটাক্ষ তেজস্বীর

সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, “আমাদের জোট বিহারকে গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে। কিন্তু নিতীশ কুমারের প্রতি অন্যায় হচ্ছে, এনডিএ এখনো ঘোষণা করেনি ওনাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। আগে তো প্রতি নির্বাচনে ওনাকেই ঘোষণা করত! তাহলে এবার কেন নয়? কারণ সবাই জানে, এটাই ওনার শেষ নির্বাচন। তিনি আরও বলেন, বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, “প্রতিদিন অন্তত ২০০টি গুলি চালানোর ঘটনা ঘটে। জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, তেজস্বী কখনো দুর্নীতি বা আইনভঙ্গের সঙ্গে আপস করবে না। এমনকি তেজস্বীর ছায়াও যদি অপরাধ করে, শাস্তি হবেই।”

বিজেপির পাল্টা জবাব

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ তেজস্বীর দাবিকে কটাক্ষ করে বলেন, “নিতীশ কুমার আরজেডির দুর্নীতির কারণেই জোট ছেড়েছিলেন। যিনি নিজে পশুখাদ্য কেলেঙ্কারিতে চারটি মামলায় দোষী, এবং যিনি নিজে ৪২০ ধারায় অভিযুক্ত, তিনি এখন দুর্নীতি-সহিষ্ণুতা নিয়ে কথা বলছেন? হাস্যকর!”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও