অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত্যু ১৬ শ্রমিকের

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে থাংস্কু এলাকায় খননের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পুলিশের আশঙ্কা, বিস্ফোরণের সময় খনির ভিতরে আরও শ্রমিক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। মেঘালয়ের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) আই নংগ্রাং জানান, “এ পর্যন্ত ১৬টি দেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের সময় খনির ভিতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা এখনও নিশ্চিত করা যায়নি। আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।” ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধারকাজে নেমেছে। পুলিশের দাবি, যে খনিতে বিস্ফোরণটি ঘটে, সেখানে কয়লাখনন কার্যকলাপ অবৈধভাবে চলছিল। পূর্ব জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার বিকাশ কুমার জানান, বিস্ফোরণে আহত একজন শ্রমিককে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) মেঘালয়ে র্যাট-হোল কয়লা খননসহ সব ধরনের অবৈজ্ঞানিক খনন পদ্ধতির উপর নিষেধাজ্ঞা জারি করে।পরিবেশের মারাত্মক ক্ষতি ও শ্রমিকদের নিরাপত্তাজনিত ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে এই পদ্ধতিতে উত্তোলিত কয়লার অবৈধ পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়।র্যাট-হোল খনন পদ্ধতিতে সাধারণত ৩-৪ ফুট উচ্চতার সরু সুড়ঙ্গ খোঁড়া হয়, যেখানে একজন শ্রমিক কোনওরকমে ঢুকে কয়লা তুলতে পারেন। এই সরু অনুভূমিক সুড়ঙ্গগুলিকেই ‘র্যাট-হোল’ বলা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টও এনজিটির নিষেধাজ্ঞা বহাল রাখে এবং শুধুমাত্র বৈজ্ঞানিক, নিয়ন্ত্রিত ও পরিবেশ-সুরক্ষামূলক পদ্ধতিতে খননের অনুমতি দেয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও