গণছাঁটাইয়ের মাত্র কয়েক দিনের মাথায় পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্ট-এর প্রকাশক ও সিইও উইল লুইস। শনিবার এই সিদ্ধান্তের কথা জানায় সংবাদপত্র কর্তৃপক্ষ। সংস্থার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় লুইস লেখেন, “আমার দায়িত্বকালে দ্য পোস্ট-এর দীর্ঘমেয়াদি টিকে থাকা নিশ্চিত করতে একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে আগামী বহু বছর ধরে লক্ষ লক্ষ পাঠকের কাছে উচ্চমানের, নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়া যায়।” ওয়াশিংটন পোস্টের হোয়াইট হাউস ব্যুরো প্রধান ম্যাট ভাইসার ওই বার্তাটি অনলাইনে শেয়ার করেন। ডাও জোনসের প্রাক্তন সিইও এবং ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রাক্তন প্রকাশক উইল লুইস ২০২৩ সালে ওয়াশিংটন পোস্ট-এর দায়িত্ব নেন। সেই সময় সংবাদপত্রটি চরম আর্থিক সংকটে ভুগছিল। প্রায় এক দশক ধরে প্রকাশক ও সিইও-র দায়িত্বে থাকা ফ্রেড রায়ানের জায়গায় বসেন তিনি।
পোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থার বর্তমান আর্থিক অধিকর্তা জেফ ডি’অনোফ্রিও আপাতত ভারপ্রাপ্ত প্রকাশক ও সিইও-র দায়িত্ব পালন করবেন। গুগল ও ইয়াহু-সহ একাধিক সংস্থায় কাজ করার পর গত বছরের জুনে তিনি ওয়াশিংটন পোস্ট-এ যোগ দেন। শনিবার কর্মীদের পাঠানো এক ইমেলে ডি’অনোফ্রিও লেখেন, “পাঠকদের তথ্য ও অভ্যাসই আমাদের সিদ্ধান্তের চালিকাশক্তি হবে। কোন বিষয়টি পাঠকদের কাছে সবচেয়ে মূল্যবান, সেই অনুযায়ীই আমাদের সংবাদ পরিবেশন আরও ধারালো করা হবে।”
এদিকে, সংবাদপত্রটির কর্মী ইউনিয়নগুলি স্পষ্ট জানিয়েছে, উইল লুইসের বিদায় প্রয়োজনীয় ছিল। ওয়াশিংটন পোস্ট গিল্ড এক বিবৃতিতে জানায়, “উইল লুইসের বিদায় অনেক আগেই হওয়া উচিত ছিল। তাঁর উত্তরাধিকার হিসেবে থেকে যাবে আমেরিকার একটি মহান সাংবাদিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা। এখনও দেরি হয়নি। জেফ বেজোসকে অবিলম্বে এই ছাঁটাই বাতিল করতে হবে, অথবা এমন কারও হাতে পত্রিকাটি তুলে দিতে হবে, যিনি ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী।”
২০১৩ সালে ওয়াশিংটন পোস্ট কেনা অ্যামাজন কর্তা জেফ বেজোস অবশ্য নেতৃত্ব বদলকে অসাধারণ সুযোগ বলে বর্ণনা করেছেন। পোস্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “দ্য পোস্ট-এর একটি অপরিহার্য সাংবাদিক মিশন রয়েছে এবং সামনে রয়েছে বিরাট সম্ভাবনা। প্রতিদিন আমাদের পাঠকরাই সাফল্যের পথনির্দেশ দিচ্ছেন।” উল্লেখ্য, উইল লুইসের ইস্তফা এমন এক সময় এল, যখন সংবাদপত্রটি প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছে। এই সিদ্ধান্তে সমস্ত বিভাগই প্রভাবিত হয়। ছাঁটাইয়ের দিন, বুধবার, লুইসের অনুপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা হয়। ওয়াশিংটন পোস্ট-এর প্রাক্তন নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন এই সময়কে পত্রিকার ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিনগুলির অন্যতম বলে আখ্যা দেন। লুইসের মেয়াদে একাধিক দফায় কর্মীসংকোচন হয়।
পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের সমর্থন জানানো বন্ধ করা এবং মতামত বিভাগে লিবার্টেরিয়ান ঝোঁক বাড়ানোর পর কয়েক লক্ষ গ্রাহক হারায় পত্রিকাটি। তবে গ্রাহকসংকটের আগেও লুইসের সময়কাল মসৃণ ছিল না। ২০২৪ সালে তৎকালীন নির্বাহী সম্পাদক স্যালি বুজবির সঙ্গে মতবিরোধের জেরে তিনি পদ ছাড়েন। পরে ব্রিটিশ সাংবাদিক ও লুইসের ঘনিষ্ঠ সহযোগী রবার্ট উইনেটকে নিয়োগের চেষ্টাকে ঘিরেও তীব্র বিতর্ক হয়। ফোন হ্যাকিং কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জড়িত থাকায় নিউজরুমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। লুইসের সবচেয়ে আলোচিত উদ্যোগ ‘তৃতীয় নিউজরুম’ শেষ পর্যন্ত বাস্তবায়িতই হয়নি। পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রাক্তন সম্পাদক ম্যাট মারে স্থায়ীভাবে নির্বাহী সম্পাদকের দায়িত্ব নেন। স্যালি বুজবি বর্তমানে রয়টার্সের আমেরিকা ও কানাডা বিভাগের নিউজ এডিটর।




