ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা খেলেন বহু আবেদনকারী। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ কিংবা রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নথি এসআইআরের শুনানিতে গ্রহণযোগ্য নয়। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি দিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই দুই প্রকল্পের আর্থিক অনুমোদনের নথি কোনওভাবেই গণ্য হবে না। ঘটনার সূত্রপাত কমিশনের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। গত বছরের অক্টোবর মাসে কমিশন জানিয়েছিল, সরকার অনুমোদিত বাড়ি বা জমির শংসাপত্র নথি হিসেবে গ্রহণযোগ্য। এই নির্দেশিকার পরেই বিভ্রান্তি ছড়ায় জনগণের মধ্যে। অনেকেই মনে করেছিলেন, কেন্দ্র বা রাজ্য সরকারের আবাসন প্রকল্পে ঘর পাওয়ার যে অনুমোদনপত্র বা টাকা পাওয়ার নথি রয়েছে, তা দিয়েই ভোটার তালিকার কাজ সারা যাবে। বহু মানুষ শুনানির সময় সেইসব নথি নিয়ে হাজিরও হন। বিভ্রান্তি মেটাতে দিল্লির সদর দফতরে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সোমবার সেই চিঠির পাল্টা জবাবে কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। শুধুমাত্র কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথির উপরেই নির্ভর করতে পারবেন।




