জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের ঠিক কয়েক দিনের মাথাতেই ইরানের মসনদে বসলেন তাঁর মেজ ছেলে মোজতাবা খামেনি। দীর্ঘ টালবাহানা আর পর্দার পিছনের টানাপড়েন শেষে ৮৮ জন ধর্মতাত্ত্বিকের শক্তিশালী কমিটি ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর সিলমোহর পড়ল ৫৬ বছর বয়সি এই নেপথ্য নায়কের ওপর। মোজতাবাকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি। তবে তিনি দীর্ঘদিন ধরেই এই পদের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ছিলেন, যে সিদ্ধান্তকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।গতকাল গভীর রাতে ৮৮ জন আলেমের সমন্বয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ এক বিবৃতিতে জানায়, “অপ্রতিরোধ্য ভোটে বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সৈয়দ মোজতাবা হোসাইনি খামেনিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র ব্যবস্থার তৃতীয় নেতা হিসেবে নিযুক্ত করেছে।”
কে এই মোজতাবা খামেনি?
আয়াতুল্লাহ আলী খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতাবা খামেনি একজন স্বল্পভাষী ও প্রচারবিমুখ আলেম। তিনি তাঁর ক্যারিয়ারের বেশিরভাগ সময় কোনো সরকারি পদে না থাকলেও ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে অর্থাৎ ‘সুপ্রিম লিডারের’ দপ্তরে কাজ করেছেন। তাঁকে প্রায়ই তাঁর বাবার গেটকিপার বা দ্বাররক্ষক এবং আনুষ্ঠানিক কোনো পোর্টফোলিও ছাড়াই একজন প্রভাবশালী পাওয়ারব্রোকার হিসেবে দেখা হতো। ১৯৬৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতাবা। তিনি আলী খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি শিয়া ধর্মতাত্ত্বিক শিক্ষার কেন্দ্র কোয়ামের সেমিনারিতে রক্ষণশীল আলেমদের অধীনে পড়াশোনা করেছেন এবং তাঁর বর্তমান ধর্মীয় পদবী হলো ‘হোজ্জাতোলেসলাম’। তবে কয়েক দশক ধরে সেমিনারিতে যুক্ত থাকলেও তিনি এখনও আয়াতুল্লাহ পদবী অর্জন করতে পারেননি, যা তাঁকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সিনিয়র আলেমদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
মোজতাবা জনসমক্ষে খুব একটা না এলেও ধীরে ধীরে রাজনৈতিক ও ধর্মীয় মহলে নিজের প্রভাব বলয় তৈরি করেছেন। নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি প্রথমবারের মতো জনদৃষ্টিতে আসেন, যখন তাঁর বাবার কর্তৃত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। চেহারায় বাবার সঙ্গে তাঁর প্রবল সাদৃশ্য রয়েছে এবং তিনি একজন সৈয়দ হিসেবে কালো পাগড়ি পরিধান করেন।মাত্র ১৭বছর বয়সে মোজতাবা সংক্ষিপ্ত সময়ের জন্য ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। এই সময়েই তিনি ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন, যাঁরা পরবর্তীতে উচ্চপদে আসীন হন। মোজতাবার পরিচিতির মূল ভিত্তি দুটি বিষয়।প্রথমত, ইরানের নিরাপত্তা বাহিনী বিশেষ করে ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) এবং এর হার্ডলাইনার নেটওয়ার্কের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক।দ্বিতীয়ত, সংস্কারপন্থী রাজনীতি এবং পাশ্চাত্যের সাথে সমঝোতার প্রতি তাঁর তীব্র বিরোধিতা। মোজতাবা খামেনি আজ পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারে কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক পদে আসীন হননি।




