ইন্ডিয়া জোটের মেগা বৈঠক আজ, গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা

সোমবার দুপুর ১২টায় নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে ইতিমধ্যেই ২৩টি রাজনৈতিক দল তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বৈঠকের কথা ঘোষণা করে রমেশ জানান, বেশ কিছু দল এই মুহূর্তে উপস্থিত থাকতে না পারলেও, প্রধান রাজনৈতিক ইস্যুগুলোতে তারা জোটের সঙ্গেই রয়েছে। ​সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি লেখেন, “কিছু দল নিজস্ব কারণে এই নির্দিষ্ট বৈঠকে যোগ দিতে তাদের অসমর্থতার কথা জানিয়েছে। তবে তারা মোদী সরকারের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের তীব্র বিরোধিতার কথা স্পষ্ট করে দিয়েছে। এই সরকার কোটি কোটি ভারতীয়র ভোটাধিকার কেড়ে নিচ্ছে, প্রতিদিন সংবিধানের ওপর আঘাত হানছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধী নেতাদের নিশানা করছে এবং লাগামহীন মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের গৃহস্থালির বাজেট নষ্ট করে কোটি কোটি ভারতীয়র জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ যুবকের আশা-আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা, দেশের বিনিয়োগের পরিবেশ নষ্ট করা এবং ভ্রান্ত বিদেশনীতির কারণে জাতীয় স্বার্থের সাথে আপস করার বিরুদ্ধেও ওই দলগুলি আমাদের মতোই সোচ্চার।” তিনি বলেন, “ভারতের মতোই ‘ইন্ডিয়া’ জনবন্ধনও তার বৈচিত্র্যের মধ্যেও ঐক্যবদ্ধ রয়েছে।”

​দলীয় সূত্রে খবর, সোমবারের এই মেগা বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া, ‘এক দেশ, এক নির্বাচন’ বিল, সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। ​তবে এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিরোধী জোটের অন্দরেই বেশ কিছু টানাপোড়েন তৈরি হয়েছে। জানা গেছে, তামিলনাড়ু নির্বাচনের পর কংগ্রেসের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে ক্ষুব্ধ ডিএমকে এই বৈঠকে যোগ দিচ্ছে না। অন্যদিকে, সিপিআই(এম) এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও কংগ্রেসের একতরফা কাজের ধরণ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। চলতি মাসেই ঝাড়খণ্ডের দুটি রাজ্যসভা আসনের নির্বাচন রয়েছে, যার মধ্যে একটি আসনে কংগ্রেস একতরফাভাবে প্রার্থীর নাম ঘোষণা করায় তীব্র ক্ষুব্ধ জেএমএম নেতৃত্ব। ​পাশাপাশি, কেরল বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের পক্ষ থেকে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের ওপর লাগাতার আক্রমণের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সিপিআই(এম)।

​তবে এই টানাপোড়েনের আবহেই জোটের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা তৃণমূল কংগ্রেস এতদিন এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল না হওয়া এবং সাংগঠনিক বেশ কিছু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবার ‘ইন্ডিয়া’ জোটের প্রতি আরও কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে। বিজেপি-বিরোধী লড়াইয়ে দেশের বাকি বিরোধী দলগুলোর বৃহত্তর সমর্থন পেতেই দল এই কৌশল নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ​কনস্টিটিউশন ক্লাবের এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জোটের শরিক দলগুলোর মধ্যকার এই অভ্যন্তরীণ মতভেদ দূর করতে এবং সবাইকে এক সুতোয় বাঁধতে সমন্বয়কের ভূমিকা পালন করতে পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান।

​এই মেগা বৈঠকে উপস্থিত থাকতে পারেন এমন শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি-র পক্ষ থেকে তেজস্বী যাদব অথবা মনোজ ঝা, সিপিআই(এম)-এর রাজ্যসভা সাংসদ জন ব্রিটাস, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই-এমএল (লিবারেশন)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি, আইইউএমএল-এর সাধারণ সম্পাদক পি কে কুন্নালিকুট্টি, কেরালা কংগ্রেস নেতা জোস কে মানি, আরএসপি প্রধান এন কে প্রেমচন্দ্রন, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, ভিসিকে নেতা থল তিরুমালভালাভান এবং এমডিএমকে প্রধান ভাইকো।

​পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছে। অন্যদিকে, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে ভার্চুয়ালি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ​বৈঠকের আবহ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “একটি সাধারণ উদ্দেশ্য এবং স্পষ্ট লক্ষ্য নিয়ে আমরা এক টেবিলে বসছি। ‘ইন্ডিয়া’ জোট সম্পূর্ণ ঐক্যবদ্ধ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক সফল করতে শরিক দলগুলি মুখিয়ে রয়েছে।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও