হায়দরাবাদের ঐতিহ্যবাহী আইন শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল একাডেমি অব লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ (নালসার)-এর আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। দিল্লির যন্তর মন্তরে চলো সংসদ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করেই এই আপত্তির সূত্রপাত। টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপাচার্য ও প্রশাসনকে এ পর্যন্ত অন্তত ছয়টি পৃথক স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। প্রতিটি চিঠিতেই প্রধান বিচারপতিকে দেওয়া আমন্ত্রণের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে।
ঐতিহ্যগতভাবেই নালসার-এর সমাবর্তন অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতিই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং সমাবর্তন ভাষণ দেন। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই ব্যাচের সমাবর্তনের চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি বলে পড়ুয়ারা জানিয়েছেন। গত ২৩ জুলাই উপাচার্য, রেজিস্ট্রার, অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া প্রথম স্মারকলিপিতে পড়ুয়ারা প্রধান বিচারপতির একটি শুনানির কথা উল্লেখ করেছেন। সেখানে অভিযোগ অনুযায়ী, পুলিশের নির্মমতার কিছু ভিডিয়ো দেখার প্রস্তাব দেওয়া হলে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “আমরা কোনো ভিডিয়ো দেখতে আগ্রহী নই; আমাদের এসব দেখার সময় নেই।” আইনজীবী উদ্দেশ্যে আরও বলতে শোনা যায়, “আমাদের সময় নষ্ট করবেন না এবং নিজের সময়ও নষ্ট করবেন না।”
এই মন্তব্যের দিকে ইঙ্গিত করে স্মারকলিপিতে পড়ুয়ারা লিখেছেন, “সমাবর্তন এমন একটি অনুষ্ঠান যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মূল্যবোধ যার মধ্যে সাংবিধানিক অধিকার রক্ষা, বিচারের সুযোগ নিশ্চিত করা এবং ক্ষোভের যৌক্তিক নিরসন অন্তর্ভুক্ত, তা কর্তৃপক্ষের প্রতিটি পছন্দের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হওয়া উচিত। আমরা অনুভব করি যে, একটি প্রতিবাদী কর্মসূচিতে সাধারণ নাগরিকদের ওপর পুলিশি বর্বরতার মতো গুরুতর অভিযোগকে যিনি অত্যন্ত লঘুভাবে দেখছেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তির হাত থেকে ডিগ্রি গ্রহণ করাটা নালসারে আমাদের শেখানো মূল্যবোধের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।”
প্রথম চিঠির পর বিভিন্ন বর্ষের পড়ুয়াদের পাঠানো পরবর্তী আরও পাঁচটি স্মারকলিপিতেও এই একই উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে। প্রধান অতিথির নাম চূড়ান্ত করার আগে কর্তৃপক্ষের কাছে ছাত্রছাত্রীদের আপত্তি বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে পড়ুয়ারা জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক জবাব মেলেনি। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রীকৃষ্ণ দেব রাওয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অন্যদিকে, প্রতিষ্ঠানের রেজিস্ট্রার জানিয়েছেন যে এই ধরনের কোনো স্মারকলিপি বা চিঠির কথা তাঁর জানা নেই।
প্রতিবাদের পেছনে শত শত ছাত্রছাত্রীর সমর্থন রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
স্টুডেন্ট বার কাউন্সিলের সদস্য এক পড়ুয়া জানান, “প্রতিটি স্মারকলিপিতে অন্তত ৭০ থেকে ৮০ জন পড়ুয়ার স্বাক্ষর রয়েছে, যা সব মিলিয়ে প্রায় ৩৫০ থেকে ৪৫০ জনের সমর্থনের সমান।” যদিও এই সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, “আমরা দেশের প্রধান বিচারপতির পদকে যথেষ্ট সম্মান করি। কিন্তু আমাদের সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়েছে। তাই সেই মূল্যবোধের পরিপন্থী কোনো বিষয়কে আমরা সমর্থন জানাতে পারি না।” প্রথম চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে অন্য এক শিক্ষার্থী বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই সমাবর্তনের প্রধান অতিথির নাম পুনর্বিবেচনা করা হোক। এ বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক বা কর্তৃপক্ষের সুবিধাজনক যেকোনো মাধ্যমে আলোচনা করতে আমরা প্রস্তুত।”

