উত্তরপ্রদেশের কানপুরে নিট পরীক্ষার প্রস্তুতি নিতে থাকা এক ২১ বছরের শিক্ষার্থী শুক্রবার আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে তার মা-বাবার উদ্দেশে একটি চিরকুট রেখে যায়। রামপুরের বাসিন্দা মোহাম্মদ আঈন চারদিন আগে রাওতপুরের একটি হোস্টেলে থাকতে শুরু করেছিলেন। জানা গেছে, শুক্রবার দুপুরে তাঁর রুমমেট ইমদাদ হাসান তাকে নামাজে চলার অনুরোধ করেন। তবে আঈন রাজি হননি। ইমদাদ ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বহুবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন।পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়, আঈন সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, “মা, বাবা, আমাকে ক্ষমা করো। আমি খুব চাপের মধ্যে আছি। তোমাদের স্বপ্ন পূরণ করতে পারব না। আমি নিজের জীবন শেষ করছি। এর জন্য আমি নিজেই দায়ী।” পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।




