ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত খসড়া তালিকায় ভুল বা আপত্তি জানানো নিয়ে সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। আগে সংশোধনের আবেদন জানানোর শেষ দিন ছিল ১৫ জানুয়ারি। সেই সময়সীমা আরও চার দিন বাড়িয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, লক্ষদ্বীপ, রাজস্থান এবং পুদুচেরিতেও একই ভাবে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সংশোধনের আবেদন আরও বেশি সংখ্যক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং অভিযোগ জমা দেওয়ার সুযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত।
নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মোট আটটি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। খসড়া তালিকা থেকে বাদ পড়া তিন জন ভোটারের নাম ফের অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়ে তৃণমূল তিনটি অভিযোগ জমা দিয়েছে। সিপিএমের তরফে দু’টি, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির তরফে একটি করে এবং বহুজন সমাজ পার্টির তরফে একটি অভিযোগ এসেছে। তবে কোনও দলই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেনি। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিশেষ নিবিড় সংশোধনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকা থেকে রাজ্যে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়ে। যদিও কমিশন স্পষ্ট করেছে, ওই খসড়া তালিকা চূড়ান্ত নয় এবং তাতে ভুল থাকার সম্ভাবনা রয়েছে। সে কারণেই আপত্তি ও সংশোধনের জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল।




