জনগণনার নিয়মে সংশোধনী প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম. এ. বেবি। জনগণনার কাজে বেসরকারি ব্যক্তিদের নিয়োগের অনুমতি দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি কেন্দ্রীয় সরকারকে এই সংশোধনী প্রত্যাহারের নির্দেশ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন। তাঁর আশঙ্কা, নিয়মের এই পরিবর্তনের ফলে খামখেয়ালিভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিয়োগ করা হতে পারে। সংশোধিত আইন অনুযায়ী, সরকারি অনুদানপ্রাপ্ত ও অনুদানহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নানা সামাজিক ট্রাস্ট ও সংস্থার কর্মচারী, এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, ব্যাংক ও বেসরকারি কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদেরও আদমশুমারির কাজে নিযুক্ত করা যাবে। শুধু তাই নয়, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন চাইলে যে কোনো ব্যক্তিকেই এই কাজের জন্য উপযুক্ত বিবেচনা করে নিয়োগ করার অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতিকে লেখা এক চিঠিতে সিপিএম সাধারণ সম্পাদক লিখেছেন, “নিয়োগের মাপকাঠি, মনোনীত ব্যক্তিদের নিরপেক্ষতা এবং দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি নিয়ে এই সংশোধনী মারাত্মক প্রশ্ন তুলে দিয়েছে। স্পষ্ট কোনো স্বচ্ছ নীতি বা জবাবদিহিতার নিশ্চয়তা ছাড়াই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে অনিয়ন্ত্রিত ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে স্বৈরাচারী ও দলীয় স্বার্থনির্ভর নিয়োগের বড় ধরনের সুযোগ তৈরি হচ্ছে।”
আদমশুমারি প্রক্রিয়ায় দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিশাল কর্মযজ্ঞের কথা উল্লেখ করে বেবি যুক্তি দেন, গণনাকারীদের নিরপেক্ষতা ও যোগ্যতার ওপর আস্থা না থাকলে সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য প্রদান করতে ইতস্তত করতে পারেন। দেশের বর্তমান রাজনৈতিক আবহের উল্লেখ করে এমএ বেবি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমজনতার মনে এই আশঙ্কা দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক, তাঁদের প্রদান করা তথ্য রাজনৈতিক প্রোফাইলিং, নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে নিশানা করা, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাঁদের বৈধ অধিকার ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার কাজে ব্যবহার করা হতে পারে।”
আদমশুমারির প্রশ্নাবলীতে যেসব ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হচ্ছে, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন এম এ বেবি। বাবা-মায়ের ধর্ম, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পরিচয়পত্র, পাসপোর্ট সংক্রান্ত তথ্য এবং মোবাইল নম্বর অনুসন্ধানের বিষয়টির কঠোর সমালোচনা করেন তিনি। সিপিএম সাধারণ সম্পাদকের স্পষ্ট হুঁশিয়ারি, এই সর্বভারতীয় আদমশুমারি প্রক্রিয়াটি যেন কোনোভাবেই ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর))-এর মতো পরিণতি না পায় এবং তা যেন সাধারণ মানুষের ওপর নজরদারি চালানো, নাগরিকত্ব নির্ধারণ কিংবা ভোটাধিকার থেকে বঞ্চিত করার হাতিয়ারে পরিণত না হয়।
আদমশুমারিকে ভারতবাসীর নিজস্ব জাতীয় মহাযজ্ঞ হিসেবে উল্লেখ করে বেবি রাষ্ট্রপতিকে অনুরোধ জানান, গণপ্রজাতন্ত্রের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি যেন অবিলম্বে এতে হস্তক্ষেপ করেন। কেন্দ্রীয় সরকার যাতে ওই বিতর্কিত আইনি সংশোধনীগুলি প্রত্যাহার করে নেয় এবং সমগ্র শুমারি প্রক্রিয়াটি যেন জনআস্থা ও সাংবিধানিক মূলনীতির পরিপন্থী না হয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

