আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলকে সমর্থন করবে বলে ঘোষণা করেছে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে)। তারা এই বিলে দেশের সমস্ত রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই বিল পেশ করবে।শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দেয়। প্রস্তাবিত বিল অনুযায়ী, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের বর্তমান অনুপাত বজায় রাখা হবে এবং এই ব্যবস্থা আরও ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত বহাল থাকবে।
ডিএমকেসহ কয়েকটি বিরোধী দলের দীর্ঘদিনের দাবির সঙ্গে এই প্রস্তাবের মিল রয়েছে। উল্লেখ্য, এর আগে দলটি বিলটির বিরোধিতা করেছিল। শনিবার দলের প্রধান এম কে স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিএমকে একটি প্রস্তাব গ্রহণ করে বিলটিকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। দলের দাবি, এই বিল তামিলনাড়ুর প্রতিনিধিত্ব রক্ষা করবে।বৈঠকের পর দলের নেতা এ রাজা সংবাদমাধ্যমকে জানান, লোকসভায় রাজ্যের বর্তমান ৭.১৮ শতাংশ আসন-অনুপাত যাতে কোনওভাবেই পরিবর্তন না হয়, সেটাই ডিএমকের ধারাবাহিক দাবি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, “এখন সেই অনুপাত বজায় রাখা হচ্ছে। অবশ্য কিছু পদ্ধতিগত বিষয় রয়েছে, সেগুলি আমরা মোকাবিলা করব। প্রয়োজন হলে সংশোধনী প্রস্তাবও আনব।”
বর্তমানে লোকসভায় ডিএমকের ২২ জন এবং রাজ্যসভায় ৮ জন সাংসদ রয়েছেন। এর একদিন আগে স্ট্যালিন বলেছিলেন, আসন পুনর্বিন্যাসের প্রশ্নে কোনও আপসের সুযোগ নেই। তাঁর দাবি, এই প্রক্রিয়ার সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে প্রথম দিকেই উদ্বেগ প্রকাশ করেছিল ডিএমকে। তিনি আরও জানিয়েছিলেন, লোকসভায় তামিলনাড়ুর বিদ্যমান ৭.১৮ শতাংশ আসন-অনুপাত যাতে কমানো না হয় এবং আগামী ২৫ বছর সংসদে রাজ্যের প্রতিনিধিত্বের অনুপাত অপরিবর্তিত থাকে, সেই দাবি জানিয়েছে তাঁর দল।অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, গত এপ্রিলে প্রত্যাখ্যাত হওয়া আসন পুনর্বিন্যাস বিলটি পাস করাতে সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করছে।




