ষাটের দশক থেকে দুই দশক জুড়ে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী রাষ্ট্রবিরোধী বৈশ্বিক আন্দোলনের সময় শাসকগোষ্ঠী ও তাদের সমর্থকেরা দাবি করত, তারা কোনো ব্যতিক্রম নয়; বহু দেশেই নানান ধরনের বৈষম্য বিদ্যমান। উদাহরণস্বরূপ, ভারতে জাতিভিত্তিক বৈষম্য রয়েছে। তখন পাল্টা যুক্তি দেওয়া হত যে ভারত রাষ্ট্র নিজে কখনো জাতিভিত্তিক বৈষম্য কিংবা ধর্মীয় বৈষম্যকে অনুমোদন করে না। কিন্তু দক্ষিণ আফ্রিকায় বৈষম্য ছিল কাঠামোগত। অর্থাৎ, সেই রাষ্ট্রের আইন ও নীতিতেই নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষিত ছিল।
আজকের ভারতে আমরা কি আবার সেই কাঠামোগত বৈষম্যের দিকেই এগোচ্ছি, বিশেষত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে? ছত্তীসগড়ে চলতি বছরের জুলাই মাসে দুই জন ক্যাথলিক সন্ন্যাসিনীকে মানব পাচার ও জোরপূর্বক ধর্মান্তরকরণের অভিযোগে গ্রেপ্তার করা নিঃসন্দেহে এ দেশের কাঠামোগত বৈষম্যের দিকে পিছলে পড়ার প্রতীকী উদাহরণ।
এই ঘটনায় দেখা যায়, বজরং দলের এক সদস্য মামলা দায়ের করার পরই নানদের গ্রেপ্তার করা হয়। যদিও পরবর্তীতে তাঁদের জামিন মেলে, তবু কেবলমাত্র বাজরং দলের এক কর্মীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ ও নিম্ন আদালত তাঁদের গ্রেপ্তার করেছে. এটি স্থানীয় প্রশাসনের ওপর ঐ সংগঠনের প্রভাব স্পষ্টভাবে প্রমাণ করে। ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এই গ্রেপ্তারকে সমর্থন করেছেন, যা দেখায় যে সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকেও এই ধরনের পদক্ষেপের অনুমোদন রয়েছে।
ভারতের ১২টি রাজ্যে বিদ্যমান তথাকথিত ধর্মান্তরবিরোধী আইন আসলে খ্রিস্টান ও মুসলিমদের টার্গেট করার হাতিয়ার হয়ে উঠেছে। হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবহার করা হচ্ছে এই আইনগুলো।
আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর)-এর ১৮(২) অনুচ্ছেদ স্পষ্ট জানায়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে জোর করে অন্য ধর্মে ধর্মান্তর করা যাবে না। কিন্তু ভারতে গৃহীত ধর্মান্তর বিরোধী আইনগুলো অস্পষ্ট ও দ্ব্যর্থক। যেমন, ২০২৫ সালে রাজস্থান যে আইন এনেছে, সেখানে বলা হয়েছে – কোনো ধর্মান্তর যদি “ভুল উপস্থাপন, জবরদস্তি, অতিরিক্ত প্রভাব, বলপ্রয়োগ, প্রলোভন, প্রতারণামূলক উপায় বা বিয়ে”-র মাধ্যমে ঘটে, তবে তা বেআইনি ও বাতিল বলে গণ্য হবে। এর মধ্যে “প্রলোভন” শব্দটি সব ক’টি রাজ্যের ধর্মান্তর বিরোধী আইনের সাধারণ বৈশিষ্ট্য।
রাজস্থানের আইনে ‘প্রলোভন’-এর আওতায় ধরা হয়েছে বিস্তৃত এক পরিসর। যেমন – “কোনো উপহার, পুরস্কার, নগদ অর্থ বা বস্তুগত সুবিধা: চাকরির সুযোগ, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালিত স্কুলে বিনা মূল্যে শিক্ষা: উন্নত জীবনযাত্রা, ঈশ্বরীয় অসন্তোষ বা অন্য কিছু।” এইভাবে শব্দগুলির এত বিস্তৃত ও অস্পষ্ট ব্যাখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালিত নানান কল্যাণমূলক কাজকে অপরাধ হিসেবে দেখানোর সুযোগ তৈরি করছে। যেমন – বিনা মূল্যে শিক্ষা দেওয়া বা কোনো মুসলিম বা খ্রিস্টান প্রতিষ্ঠানে হিন্দুদের শিক্ষকতার চাকরি দেওয়াকেও “প্রলোভন” বলে ব্যাখ্যা করা হতে পারে।
এমনকি এই আইনগুলোতে ‘আইনের শাসন’-এর মৌল নীতি থেকেও বিচ্যুতি ঘটেছে। কারণ, প্রমাণের দায়ভার গিয়ে পড়ছে অভিযুক্ত ব্যক্তির উপর। পাশাপাশি, ধর্মান্তর রোধে পদক্ষেপ নেওয়া ব্যক্তিদের জন্য আইনি সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ, তারা “সৎ বিশ্বাসে” কাজ করেছে বলে দাবি করলেই তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। স্থানীয় পুলিশই ঠিক করবে সেই পদক্ষেপ বৈধ কি না।
ফলত, অধিকাংশ ক্ষেত্রে যেমন কেরলের দুই সন্ন্যাসিনীর গ্রেপ্তারের ঘটনাতেও দেখা গেছে স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের ভয় দেখালেও তাদের বিরুদ্ধে কার্যত কোনো মামলা হয় না। রাষ্ট্রও সেসব মামলাকে গুরুত্ব দিয়ে এগোয় না। এভাবেই তাদের জন্য দায়মুক্তির এক সংস্কৃতি তৈরি হয়েছে।
ধর্মান্তর বিরোধী আইনগুলিকে ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধাচরণেও ব্যবহার করা হচ্ছে। এক ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের ওপর দাঁড়িয়ে এই প্রচার আসলে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বন্ধুত্ব, সৌহার্দ্য কিংবা প্রেমকেও সাম্প্রদায়িক রঙে রাঙিয়ে দিচ্ছে। দাবি করা হচ্ছে, মুসলিম পুরুষেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে কেবল ধর্মান্তরের উদ্দেশ্যেই সম্পর্ক করছে।
“লাভ জিহাদ” শব্দবন্ধ ব্যবহার করে এই প্রচারণার মূল নিশানা বানানো হয়েছে মুসলিম সম্প্রদায়কে। গত এক দশকে, ধর্মান্তর বিরোধী আইন আর ‘লাভ জিহাদ’ ষড়যন্ত্র তত্ত্বকে হাতিয়ার করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি – পুলিশের সক্রিয় সহযোগিতা নিয়েই অসংখ্য আন্তঃধর্মীয় স্বেচ্ছাসম্মত সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে। এমনকি পুরো পরিবারকেও বেআইনি ধর্মান্তরে সহায়তার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে, একাধিক বিজেপি শাসিত রাজ্যে ব্যাপকভাবে প্রচলিত তথাকথিত “বুলডোজার জাস্টিস” সংখ্যালঘু, বিশেষত মুসলিমদের রাষ্ট্র-সমর্থিত টার্গেট করার আরও একটি দৃষ্টান্ত। এই প্রক্রিয়ায় পুলিশ বা প্রশাসন মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বাড়িঘর ও দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ফেলে, অভিযোগ থাকে তারা অপরাধ করেছে। অথচ ভারতের কোনো আইনই এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করে না।
তবু হিন্দুত্ববাদী গোষ্ঠী, এমনকি মূলধারার কিছু সংবাদমাধ্যমও রাষ্ট্রের এই বেআইনি পদক্ষেপকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছে। “বুলডোজার জাস্টিস” স্পষ্ট করে দিয়েছে যে প্রশাসন ইচ্ছেমতো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিশানা বানিয়ে ভয়াবহ ক্ষতি করতে পারে। যদিও ২০২৪ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করেছিল, যাতে অবৈধ কাঠামো ভাঙার সময় নির্দিষ্ট নিয়ম মানতে হবে – তবু এই ধরনের ঘটনা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি।
যা আবার আইনসিদ্ধ প্রক্রিয়া ছাড়া চলছে, তা হল বাংলাভাষী মুসলিমদের আটক করে, কখনও জোর করে সীমান্ত পার করে দেওয়ার অভিযান। বিশেষত আসামে, এদের “অবৈধ বাংলাদেশি অভিবাসী” আখ্যা দেওয়া হচ্ছে। বাংলাভাষী মুসলিমদের নির্বিচারে আটক করার বিরুদ্ধে একাধিক গণস্বার্থ মামলা দায়ের হলে, সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে, জানতে চেয়েছে তথাকথিত অনুপ্রবেশকারীদের শনাক্ত করার এই প্রচেষ্টা পক্ষপাতদুষ্ট কি না। তবে আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছে।
ক্রমশ, বিশেষ করে গত এক দশকে, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা আইনের সমান সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ধর্মান্তর বিরোধী আইন, লাভ জিহাদ বা ল্যান্ড জিহাদ-এর মতো ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো, সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাভাষণ, জোরপূর্বক উচ্ছেদ, শাস্তিমূলক ভাঙচুর, সংখ্যালঘুদের ওপর সংঘটিত গণহিংসা এবং গরু পরিবহনের অভিযোগে নজরদারি বাহিনীর হামলা – এসবের ফলে ধীরে ধীরে তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানো হচ্ছে।
রাষ্ট্রও হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনিচ্ছুক, ফলে সংখ্যালঘুদের ওপর সংঘটিত সহিংসতার বিচার বা প্রতিরোধ কোনোটাই যথাযথভাবে হচ্ছে না। সব মিলিয়ে, এই প্রবণতাগুলি স্পষ্ট করে দিচ্ছে যে, ভারতের সংখ্যালঘুরা আজ বাস্তবিক অর্থেই কাঠামোগত বৈষম্যের মুখোমুখি। (—লেখক ডিজে রবীন্দ্রন, লেখাটি স্ক্রোল.ইন-এ প্রকাশিত)
বিদ্র: লেখকের সম্পুর্ন ব্যক্তিগত ও অভিমত

