শনিবার আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসি। প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণা করেন। বিশ্বকাপের আগে ভারতের শেষ প্রস্তুতি পর্ব হিসাবে ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত। একই গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।
দলে বড় বদল
বিশ্বকাপের দলে একাধিক উল্লেখযোগ্য পরিবর্তন করেছে নির্বাচকরা। সবচেয়ে বড় চমক, টি–২০ দলে সহ-অধিনায়ক থাকা শুভমন গিলকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর পটেলকে। ওপেনার হিসেবে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় শুভমনের উপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তাঁকে আবার প্রথম একাদশে ফিরিয়েও পারফরম্যান্সে ছাপ ফেলতে পারেননি গিল। প্রত্যাবর্তনের পর ১৫টি টি-২০ ম্যাচে ২৯১ রান করেছেন তিনি। গড় ২৪.২৫, স্ট্রাইক রেট ১৩৭। একটিও অর্ধশতরান নেই তাঁর ঝুলিতে।
অন্য দিকে, ওপেনার হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে মাঝের দিকে নামানো হয়েছিল। ওপেনার হিসেবে তিনটি শতরান-সহ অসাধারণ পারফরম্যান্সের পর এশিয়া কাপে তাঁর পারফরম্যান্স ছিল ওঠানামার মধ্যে। তবু টুর্নামেন্টে ১৩২ রান করে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। তারপর ছিলেন অভিষেক শর্মা (৩১৪) এবং তিলক বর্মার (২১৩) পরে। অস্ট্রেলিয়ায় তিন নম্বরে একমাত্র ম্যাচে বিশেষ প্রভাব ফেলতে না পারায় পরে একাদশের বাইরে চলে যান স্যামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে আবার ওপেন করতে নেমে ২২ বলে ৩৭ রান করে ভালো সূচনা দেন সঞ্জু। সেই সূত্রেই ফেরার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট অর্থাৎ ওপরে উইকেটকিপার ব্যাটার। সেই কারণে জিতেশ শর্মাকে বাদ দিয়ে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে ঈশান কিশানকে।
ঈশানের প্রত্যাবর্তন, রিঙ্কুর সুযোগ
ঈশান কিশান ও রিঙ্কু সিং জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। বাদ পড়েছেন শুভমন গিল ও জিতেশ শর্মা। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন ঈশান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে প্রথম বার টি-২০ খেতাব এনে দেন অধিনায়ক হিসেবে। ১০ ম্যাচে ৫১৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি, গড় ৫৭.৪৪, স্ট্রাইক রেট ১৯৭।
ভারতের টি–২০ বিশ্বকাপ দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল (সহ-অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিশান




