একদিকে যখন বিশ্বজুড়ে আমেরিকা ও ইরানের ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে জোর চর্চা চলছে, ঠিক তখনই খেলার মাঠে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ইরান ফুটবল দল। ২০২৬ ফিফা বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসে পা রেখেই মার্কিন বিমাতৃসুলভ’ আচরণের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের কোচ আমির ঘালেনোই এবং তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি। তাঁদের স্পষ্ট তোপ, মাঠের বাইরে আমেরিকার এই নোংরা রাজনীতি ফুটবলের আসল স্পিরিট বা মূল ভাবাবেগকেই শেষ করে দিচ্ছে।
রবিবার বিশ্বকাপের আয়োজক শহরে পা রেখেই ইরানের ম্যানেজার আমির ঘালেনোই রাজনীতি নয়, বরং স্রেফ ফুটবল নিয়েই কথা বলতে চেয়েছিলেন। দলের প্রথম সংবাদ সম্মেলন শুরুর আগে ফিফা কর্মকর্তারাও সাংবাদিকদের সতর্ক করে দিয়েছিলেন যেন খেলোয়াড় এবং ঘালেনোইকে কেবল খেলাধুলা সংক্রান্ত প্রশ্নই করা হয়ঘালেনোই-ও তাতে সম্মতি জানিয়ে মাথা নাড়েন। কিন্তু মার্কিন ভিসা প্রত্যাখ্যান থেকে শুরু করে সম্ভাব্য বিক্ষোভ সব মিলিয়ে সংবাদকক্ষের রাজনীতিঘেঁষা থমথমে পরিবেশকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায়নি। যে দেশে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে, সেই আয়োজক দেশে পৌঁছানোর ক্ষেত্রে ইরান দলের সামনে একের পর এক লজিস্টিক বা যোগাযোগ ব্যবস্থার বাধা তৈরি করা হয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ইরান দলকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোতে তাদের বেস ক্যাম্প করতে বাধ্য করা হয়।
আর এই কারণেই দলের প্রধান কোচ আমির ঘালেনোই আর নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি। তিনি স্পষ্ট জানান, আমেরিকার পক্ষ থেকে ইরান দলের বেস ক্যাম্প নিজেদের দেশে করতে না দেওয়া-সহ টুর্নামেন্টের এই ধরনের বৈষম্যমূলক আয়োজন ইরানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ঘালেনোই সাংবাদিকদের বলেন, “এই ধরনের আচরণ ফুটবলের মূল ভাবাবেগে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা জিতি কিংবা হারি, এই অনুভূতিটা মেনে নেওয়া সত্যিই কঠিন।”
কোচের এই বক্তব্যের সুর শোনা গেছে দলের তারকা স্ট্রাইকার মেহেদি তারেমির গলাতেও। ইন্টার মিলানের প্রাক্তন এই স্ট্রাইকার সোমালিয়ার রেফারি ওমর আরতানের মার্কিন ভিসা প্রত্যাখ্যানের প্রসঙ্গ টেনে এনে জোর দিয়ে বলেন যে, কেবল ইরানই নয়, অন্যরাও আয়োজক দেশের এমন খামখেয়ালিপনার শিকার হয়েছে। তারেমি বলেন, “আমরা সেই সুন্দর অভিজ্ঞতাটা পাচ্ছি না যা নিয়ে আমরা সবসময় কথা বলি যেমন শান্তি ও আনন্দ। মানুষ বিশ্বকাপের দিকে যেভাবে অধীর আগ্রহে তাকিয়ে থাকে, আমার মনে হয় এবার তারা সেই একই অনুভূতি পাচ্ছে না… এই ধরনের মানসিক চাপ সেই আনন্দকে মাটি করে দেয়। এটি ফিফার মূল বার্তাকেই খাটো করে।”
‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরানের ফুটবল দলটি কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার্সে ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরে এবং দুটিতে ড্র করে গ্রুপ সেরা হয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এমনকি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো জিতেও তারা সেই দুর্দান্ত ফর্ম বজায় রেখেছে। দলের এই আগুনে ফর্ম থাকা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একসময় বড়সড় সংশয় তৈরি হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় এবং পাল্টা জবাবে তেহরানও ইসরায়েলসহ পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালালে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিরুদ্ধে ইরানের ম্যাচগুলো আমেরিকার পশ্চিম উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপ্রকার হুঁশিয়ারি দিয়ে ইঙ্গিত করেছিলেন, ইরানের জাতীয় দল যদি আমেরিকায় আসে তবে তারা ঝুঁকির মুখে পড়তে পারে। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডেলে লিখেছিলেন, “ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজস্ব জীবন ও নিরাপত্তার স্বার্থে সেখানে তাদের উপস্থিতি কতটা সমীচীন, তা নিয়ে আমার সত্যিই সন্দেহ রয়েছে।” ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানি কর্মকর্তারাও দলের বিশ্বকাপ খেলা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছিলেন।অবশেষে অনেক আলোচনার পর এই শর্তে ইরান বিশ্বকাপে অংশ নিতে রাজি হয় যে তারা মেক্সিকোতে থেকে অনুশীলন ও ক্যাম্প করবে এবং কেবল ম্যাচের দিনগুলোতে খেলার জন্য আমেরিকায় প্রবেশ করবে। কোচ ঘালেনোই এই ভ্রমণসূচির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোমবারের ম্যাচ শেষেই ‘টিম মেল্লি’ আবার মেক্সিকোতে ফিরে যাবে।
এর পাশাপাশি, লস অ্যাঞ্জেলেসে ইরানের সরকার-বিরোধী পরিকল্পিত বিক্ষোভের মুখোমুখিও হতে হচ্ছে দলকে বলে অভিযোগ। তবে ঘালেনোই এবং তারেমি দুজনেই জোর দিয়ে বলেছেন, তাঁরা দেশের এবং বিদেশের সমস্ত ইরানিদের প্রতিনিধিত্ব করতেই এই বিশ্বকাপে এসেছেন। তারেমি বলেন, “আমি বলতে চাই যে আমরা দেশের ভেতরে বা বাইরে থাকা সমস্ত ইরানি নাগরিককে শ্রদ্ধা করি। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, আর ফুটবল সবসময় সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে এক করতে পারে।” কোচ ঘালেনোই-ও ফুটবলের এই ঐক্যবদ্ধ করার ক্ষমতার ওপর জোর দিয়ে বলেন, “শক্তিশালী এবং গর্বিত ইরান জাতির প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি ফুটবল সবার মনে আনন্দ বয়ে আনবে এবং বিভিন্ন সংস্কৃতি ও দেশকে কাছাকাছি নিয়ে আসবে। যাতায়াত সংক্রান্ত এত সমস্যা থাকা সত্ত্বেও আশা করি আমাদের বিশ্বকাপ অভিযান সফল হবে।” যে হাইপ্রোফাইল সংবাদ সম্মেলনটি শুরুই হয়েছিল কেবল ফুটবল নিয়ে কথা বলার কড়া আইনি সতর্কতা দিয়ে, সেখানে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা হলো খুবই সামান্য। সংবাদ সম্মেলনের একেবারে শেষে রসিকতা করে তারেমি বলেই ফেললেন, “কেউ তো ফুটবল সংক্রান্ত কোনো প্রশ্নই করলেন না! যাই হোক, নিউজিল্যান্ডের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আমরা আশা করি একটি দারুণ ম্যাচ হবে।”




