আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন কেজরিওয়াল-সিসোদিয়া

বড়সড় স্বস্তি আম আদমি পার্টির শিবিরে। দিল্লির বহুল চর্চিত আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিল আদালত। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, এই দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।কেজরিওয়ালের বিরুদ্ধে তথ্যের অভাবের কথা উল্লেখ করে আদালত জানিয়েছে, গুরুতর অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত নথিপত্র থাকা আবশ্যক। তথ্যপ্রমাণ ছাড়া কাউকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দেগে দেওয়া যায় না। আদালত আরও বলেছে, যদি দেখা যায় প্রসিকিউশনের দাবিগুলি ভিত্তিহীন, তবে তা জনমানসে তদন্তকারী সংস্থার ভাবমূর্তি নষ্ট করে।

​অন্যদিকে, মণীশ সিসোদিয়াকে মুক্তি দিয়ে আদালত জানায়, সিবিআইয়ের মামলা বিচারবিভাগীয় পর্যালোচনায় ধোপে টেকেনি। সিসোদিয়ার কোনও অপরাধমূলক মানসিকতা ছিল না বলেই মনে করছে আদালত। নথি ও সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে বিচারক জানান, এটি প্রশাসনিক আলোচনার প্রতিফলন মাত্র, এর মধ্যে কোনও অসঙ্গতি নেই। আবগারি নীতি তৈরির প্রক্রিয়াটি একাধিক স্তরে আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়েছিল বলে আদালত মনে করে।
​
​তদন্তের পদ্ধতি নিয়ে সিবিআই-কে রীতিমতো তুলোধোনা করেছে আদালত। বিচারকের প্রশ্ন, কেন তদন্তের রেকর্ডে অনেক গুরুত্বপূর্ণ বয়ান ও মতামত অন্তর্ভুক্ত করা হয়নি? তিন আইনি বিশেষজ্ঞের মতামতের যে ব্যাখ্যা সিবিআই দিয়েছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে আদালত। এছাড়া তদন্তকারী সংস্থার ব্যবহার করা সাউথ গ্রুপ শব্দবন্ধটি নিয়েও আপত্তি তোলা হয়েছে, কারণ এর সপক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। ​আদালতের রায়ের পর প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, “সত্যের জয় সবসময় হয়।” সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আপ সুপ্রিমো। চোখের জল সামলাতে না পেরে তিনি বলেন, “বিজেপি যদি ক্ষমতায় আসতেই চায়, তবে জেল খাটিয়ে নয়। মানুষের বিশ্বাস জিতে ক্ষমতায় আসুক।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও