‘রেশন-ভোটার-আধার কিছুই চলবে না, তাহলে চলবে কী?’ এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

রেশন, ভোটার, আধার—কোনওটাই যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তবে চলবে ঠিক কী? বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক ও বিভ্রান্তি। আর সেই উদ্বেগকেই হাতিয়ার করে এবার সরাসরি কেন্দ্রের দিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিক প্রশ্ন তুলে সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড — এগুলো কি বাতিল হবে? তাহলে চলবে কোনটা? কোটি কোটি টাকা খরচ করে সরকার নিজেই এসব তৈরি করেছে। আজ আবার বলছে, চলবে না! তাহলে এর মানে কী? তিনি ক্ষোভের সুরে আরও বলেন, আধার কার্ড তৈরি করেছে ভারত সরকার, ভোটার কার্ড দিয়েছে নির্বাচন কমিশন। অথচ আজ কেন্দ্র বলছে, সেগুলি প্রমাণ নয়। তাহলে এত কোটি টাকা খরচ করল কেন? এসব কার্ড কি জলে যাবে? মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন মিলে পরিকল্পনামাফিক গেম খেলছে। এটা গোপনে এনআরসি চালুর পথ। ঘাটালের বাসিন্দাদের উদ্দেশে তাঁর পরামর্শ, সবাই নাম ভোটার তালিকায় তুলুন।

এসআইআর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের আওতায় চলতি বছর বিহারে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে রেশন, ভোটার, আধার — কোনও কিছুকেই প্রমাণপত্র হিসেবে মানা হয়নি। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, তারা এই নথিগুলিকে ‘নির্ভরযোগ্য’ প্রমাণ হিসেবে বিবেচনা করতে চায় না। ফলে আতঙ্ক বাড়ছে জনমানসে, যেখানে বছরের পর বছর ধরে এই পরিচয়পত্রগুলিকেই নাগরিকের পরিচয় হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানে এখন যদি এগুলোই মানা না হয়, তবে নিজের অস্তিত্ব প্রমাণ করবেন কী দিয়ে?

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও