কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র ইয়াথীন্দ্র সিদ্দারামাইয়া ফের বিতর্কের জন্ম দিলেন। সোমবার তিনি বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) তুলনা করলেন আফগানিস্তানের শাসক সশস্ত্র গোষ্ঠী তালিবানের সঙ্গে। তাঁর অভিযোগ, “আরএসএস হিন্দু ধর্মের মৌলবাদী দিকগুলোকে ঠিক যেভাবে তালিবান ইসলামি সমাজে জোর করে চাপিয়ে দেয়, সেভাবেই চাপিয়ে দিতে চায়।” তিনি বলেন, “তালিবান যেমন ইসলামকে একমাত্র নির্দিষ্ট ব্যাখ্যায় মানতে মানুষকে বাধ্য করে, তেমনি আরএসএসও চায় হিন্দু ধর্মের একটাই রূপ থাকুক। তারা নারী স্বাধীনতাকেও সীমাবদ্ধ করতে চায়। তাদের মানসিকতা তালিবানের মতোই।” এই মন্তব্যের জবাবে এখনও পর্যন্ত আরএসএসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে কর্ণাটক বিজেপি সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র কটাক্ষ করে বলেন, “জাতীয়তাবাদ ও সমাজ সংস্কারের আদর্শই শেষ পর্যন্ত জয়লাভ করবে, কংগ্রেসের মতো দেশবিরোধী শক্তি নয়।”
ইয়াথীন্দ্র আরও দাবি করেন, আরএসএসের কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত এবং সংগঠনটিকে নিবন্ধিত সংস্থা হিসেবে কাজ করতে বাধ্য করা উচিত। তাঁর বক্তব্য, “আরএসএস নিজেকে বিশাল সংগঠন বলে দাবি করে। তাদের দিল্লিতে হাজার হাজার কোটি টাকার ভবন আছে, অথচ তারা এখনো নিবন্ধিত সংস্থা নয় – এটা আইনের দৃষ্টিতে ভুল।”
তাঁর এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে ও কংগ্রেস নেতা বি.কে. হরিপ্রসাদের গলায়। তাঁরা দু’জনেই আরএসএসের উপর আইনি নিয়ন্ত্রণ ও সরকারি প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছেন। বি.কে. হরিপ্রসাদ আরএসএসকে ভারতের তালিবান বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, সংগঠনটি সরকারি স্কুলগুলিতে অনুমতি ছাড়াই ‘শাখা’ বা প্রশিক্ষণ শিবির চালাচ্ছে। তিনি বলেন, “আরএসএস কোনও নিবন্ধিত সংগঠন নয়, তাই সরকারি পার্ক বা মাঠে অনুষ্ঠানের জন্য তাদের প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।”
অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের পুত্র প্রিয়াঙ্ক খার্গে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে আরএসএসের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, “যখন সমাজে বিভাজন ও ঘৃণার বীজ বোনা হয়, তখন সংবিধানের মূল মূল্যবোধ ঐক্য, সাম্য ও সংহতির নীতির সুরক্ষাই রাষ্ট্রের দায়িত্ব।” খার্গে সাংবাদিকদের বলেন, “ব্যক্তিগতভাবে তারা যেটা করতে চায়, করুক। কিন্তু সরকারি জায়গায় নয়।”
এই বিতর্কের পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, তিনি রাজ্যের মুখ্য সচিবকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। তিনি ইঙ্গিত দেন, তামিলনাড়ুর মতো কর্ণাটকেও আরএসএসের সভা-সমাবেশে আইনশৃঙ্খলার অজুহাতে অনুমতি নাও দেওয়া হতে পারে, যদিও এমন নিষেধাজ্ঞা আগে আদালত বাতিল করেছে। অন্যদিকে বিজেপি পাল্টা আক্রমণ শানিয়েছে। বিজয়েন্দ্র বলেন, “খার্গে নিজের অজ্ঞতা প্রকাশ করছেন। কংগ্রেস অতীতে তিনবার আরএসএসকে নিষিদ্ধ করেছিল, কিন্তু প্রত্যেকবারই পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এখন তাদের সেই ক্ষমতাও নেই।” বিজেপি নেতা এক্স-এ লেখেন, “তুকড়ে তুকড়ে গ্যাং আবার মাথাচাড়া দিয়ে উঠছে কর্ণাটকে, কংগ্রেস সরকার তার আশ্রয় দিয়েছে। কিন্তু মনে রাখুন, কবি কুভেম্পুর কর্ণাটক মাতৃভূমির প্রতি কোনো বিশ্বাসঘাতকতা সহ্য করে না। জয় ভারত! জয় কর্ণাটক!”




