স্কুলের পাঠ নাকি সেন্সাসের কাজ? অগ্রাধিকার স্পষ্ট করল হাইকোর্ট, শিক্ষকদের ডিউটি নিয়ে বড় নির্দেশ

বিদ্যালয় চলাকালীন হাতে সেন্সাসের ফাইল নিয়ে দৌড়াদৌড়ি? নাকি বিকেলের স্কুল ছুটির পর ক্লান্ত শরীরে বাড়ি না ফিরে সেন্সাসের খাতায় নাম নথিভুক্ত করার ঝক্কি? শিক্ষকদের জন্য কোনটা আগে, স্কুলের পঠনপাঠন না কি জনগণনার কাজ? দিন কয়েক ধরে চলতে থাকা সেই চাপানউতোরের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। শুক্রবার মামলার নিষ্পত্তিতে পুরো বিষয়টি পরিস্কার করে দিলেন কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও। আদালতের স্পষ্ট নির্দেশ, সেন্সাসের ডিউটিতে থাকলে শিক্ষকদের সেই কাজকেই অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। একই সঙ্গে শিক্ষাদান এবং জনগণনার কাজ দু’টি সমান্তরাল ভাবে চালানো সম্ভব নয় বলেই মনে করছে আদালত। ​হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশে রাজ্যের সমস্ত শিক্ষকের জন্যই এই নতুন সমীকরণ বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি তাঁর রায়ে কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করে সেন্সাস কমিশন ও স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ডিরেক্টর অফ সেনসাস যদি কোনও শিক্ষকের পরিষেবা নিতে চান, তবে সংশ্লিষ্ট শিক্ষককে নির্দিষ্ট দিন, সময় ও কাজের জায়গা আগাম জানিয়ে দিতে হবে। সেই তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষকেরা সেন্সাসের কাজে যোগ দিলে যাতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা ও পঠনপাঠন স্বাভাবিক রাখার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে। এছাড়া জনগণনার ডিউটিতে থাকাকালীন শিক্ষকদের কেবল সেন্সাসের কাজই করতে হবে, সেই সময়ে স্কুলে ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। ওই সময়সীমা সম্পূর্ণ রূপেই তাঁদের অন ডিউটি হিসেবে ধার্য হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, সেন্সাসের জন্য যে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে, তাঁরা এই নির্দেশ বা কাজ অস্বীকার করতে পারবেন না।

​উল্লেখ্য, এই মামলার নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের আগের একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছিল, স্কুলের পঠনপাঠন অক্ষুণ্ণ রেখে ছুটির পর বা সপ্তাহান্তে শিক্ষকেরা সেন্সাসের কাজ করতে পারেন। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় শিক্ষক মহলে। মামলা গড়ায় আদালতে। শুনানির সময়ে হাইকোর্টও তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন তোলে, স্কুলের পঠনপাঠন সেরে বিকেল চারটের পর অন্য কোনও দূরবর্তী এলাকায় গিয়ে জনগণনার কাজ করা এক জন শিক্ষকের পক্ষে কীভাবে সম্ভব? ​আদালতের সেই কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য। এরপর আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেই। শুক্রবার হাইকোর্টের এই চূড়ান্ত রায়ের পর জনগণনা ও শিক্ষকদের ডিউটি সংক্রান্ত যাবতীয় আইনি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটল বলেই মনে করছে অনেকেই।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও