পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে গত কয়েক দিন ধরে যে টানটান উত্তেজনা ও সংশয় তৈরি হয়েছিল, তা প্রশমনে অবশেষে ময়দানে নামল নির্বাচন কমিশন। বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত ৩৬ লক্ষের তথ্য নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, শুক্রবারই প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। সিইও দফতর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত বিচারকরা নিষ্পত্তির যে যে তথ্য পাঠাবেন, তার ভিত্তিতেই এই তালিকা তৈরি হবে। তথ্য যাচাই ও প্রসেসিংয়ের জন্য ৪-৬ ঘণ্টা সময় হাতে রেখেই কাজ এগোচ্ছে। তবে এখানেই শেষ নয়, পরিস্থিতি বুঝে শুক্রবার থেকে প্রয়োজনে প্রায় প্রতিদিন নতুন তালিকা প্রকাশের ভাবনাচিন্তাও করছে কমিশন।




