ডিজেলবাহী মালগাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবাহী মালগাড়ির চারটি বগিতে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা গেছে, আগুনের বিশাল শিখা আর ঘন কালো ধোঁয়ার কুন্ডলি আকাশে উঠে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও হতাহতের কোনো খবর নেই এবং আশপাশের এলাকাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভানো ছিল এক বড় চ্যালেঞ্জ।

তিরুভাল্লুর জেলার পুলিশ সুপার এ শ্রীনিবাস পেরুমল বলেন, “উদ্ধারকারী দল এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে পরিস্থিতি। বর্তমানে কোনো প্রাণহানির আশঙ্কা নেই।” অন্যদিকে, দমকল বিভাগের প্রধান সীমা আগরওয়াল জানান, “আমাদের দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যেহেতু ডিজেল জ্বলন্ত পদার্থ, তাই কাজটা কঠিন। অতিরিক্ত দল পাঠানো হয়েছে।”

জানা গেছে, ম্যানালি থেকে তিরুপতি অভিমুখে যাচ্ছিল ট্রেনটি। তিরুভাল্লুর স্টেশনের কাছে পৌঁছতেই আগুন লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।আগুন লাগার সঠিক কারণ এখনো তদন্তাধীন। এই ঘটনার জেরে চেন্নাইয়ের সঙ্গে রেল যোগাযোগে ব্যাঘাত ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ। দক্ষিণ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চেন্নাই থেকে ছাড়ার কথা ছিল এমন আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও