প্রায় ২৩ বছর পর আবারও বাংলায় ফিরল ২০০২। না, কোনও রাজনৈতিক স্মৃতিচারণ নয়— ফিরে দেখা হচ্ছে ভোটার তালিকায়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল শেষবার ২০০২ সালে। সেই পুরনো তালিকাই এ বার ফের সামনে আনল নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই বছরের ভোটার তালিকা। ইতিমধ্যেই ১১টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের পুরনো তালিকা প্রকাশিত হয়েছে। যদিও কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে স্পষ্টতই বিহারের পথেই হাঁটছে পশ্চিমবঙ্গ। বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে জুন থেকে, প্রকাশ হচ্ছে ২০০৩ সালের তালিকা। কমিশনের এই পদক্ষেপের তাৎপর্য গভীর। প্রতি কয়েক বছর অন্তর একবার এই নিবিড় সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হয়— কে জীবিত, কে ভুয়ো, কে অন্যত্র স্থানান্তরিত। উদ্দেশ্য একটাই,ভোটার তালিকাকে নিখুঁত ও বিশ্বাসযোগ্য করা। বিহারে যেখানে ইতিমধ্যেই ৬০ লক্ষ নাম বাদ পড়ার খবর মিলছে, বাংলাতেও নতুন করে গণনা শুরু হল বলা যায়।
নতুন করে ভোটার তালিকা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন। সূত্র অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র নেতৃত্বে জেলাশাসক (ডিইও), অতিরিক্ত জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও বুথ লেভেল অফিসাররা (বিএলও) সমীক্ষার দায়িত্বে রয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তাঁরা, জমা দিতে হবে নির্দিষ্ট ফর্ম।২০০২ সালের ১ জানুয়ারির বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। যাঁদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে, তাঁরাও সুবিধা পাবেন। তবে নতুন ভোটার, নামবিহীন ব্যক্তি কিংবা অন্য রাজ্য থেকে আসা নাগরিকদের দিতে হবে বাড়তি নথিপত্র। কমিশন জানিয়েছে, তালিকায় নাম না থাকলে পারিবারিক ও নাগরিকত্ব সংক্রান্ত নথি খতিয়ে দেখা হবে। অনলাইনেও চলবে এই প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিদেরও এতে যুক্ত করা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখতে। এই সমীক্ষা যে শুধু নাম সংশোধনের কাজ নয়, বরং ভবিষ্যতের ভোটার তালিকায় কারা থাকবেন আর কারা নয়— তার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক নির্ধারণ করবে বলেই মনে করছেন অনেকেই।




