বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ফ্যাটি লিভার ডিজিজ। অস্বাস্থ্যকর খাবার, বসে থাকা জীবনযাপন, বংশগত প্রবণতা ও স্থূলতা সব মিলিয়ে আজ লিভার আক্রান্ত কোটি মানুষ। চিকিৎসকরা বলছেন, সময় থাকতে সচেতন না হলে বিপদ বাড়বে আরও। অ্যালকোহল পরিহার, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়ানো যেমন জরুরি, তেমনি কিছু নির্দিষ্ট পানীয় লিভারের কার্যক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে। এই প্রেক্ষাপটে এইমস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে-এর প্রশিক্ষণপ্রাপ্ত বিশিষ্ট গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট ও লিভার বিশেষজ্ঞ ডা. সৌরভ শেঠি জানিয়েছেন, গ্রিন টি, কফি এবং বিটরুট জুস – এই তিনটি পানীয় লিভারের জন্য বিশেষভাবে উপকারী। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই পানীয়গুলো লিভারে চর্বি জমা কমাতে, হজম উন্নত করতে, প্রদাহ নিয়ন্ত্রণ করতে এবং লিভারের এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি, এগুলো অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভার কোষকে সুরক্ষা দেয়। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে এই পানীয়গুলো গ্রহণ করলে দীর্ঘমেয়াদে লিভারের সুস্থতা রক্ষা এবং রোগের অগ্রগতি প্রতিরোধ সম্ভব।
কীভাবে কিছু পানীয় লিভারের উপকারে আসে?
গবেষণা বলছে, কিছু পানীয় লিভারে জমে থাকা চর্বি কমাতে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং লিভারের বিপাক প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে।
ডা. শেঠির মতে, সঠিক পানীয়গুলো কেবল লিভার ডিটক্সিফিকেশনেই সহায়তা করে না, বরং প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধেও সুরক্ষা দেয়, যা ফ্যাটি লিভারের অগ্রগতির মূল কারণ। এই পানীয়গুলো দীর্ঘমেয়াদে লিভারের স্বাস্থ্য রক্ষা, বিপাকক্রিয়া উন্নয়ন এবং সামগ্রিক সুস্থতার সহায়ক।
গ্রিন টি :
গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিনস, বিশেষত এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট, যা লিভারের জন্য অসাধারণ উপকারী। ডা. শেঠির পরামর্শ, চিনি ছাড়া গ্রিন টি পান করুন, তাহলেই এর লিভার-সুরক্ষাকারী প্রভাব সর্বাধিক হবে।
গ্রিন টির উপকারিতা:
- ইজিসিজি লিভারের এনজাইমের মাত্রা উন্নত করে ও কোষে চর্বি জমা কমায়।
- এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, লিভার কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।
- নিয়মিত গ্রিন টি পান করলে বিপাকক্রিয়া ও হজমের উন্নতি ঘটে।
কফি:
কফি এখন আর শুধু সকালের উদ্দীপক নয়, বরং লিভারের জন্য এক প্রাকৃতিক সুরক্ষা-ঢাল। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ও পরিমিত কফি সেবনে লিভার ফাইব্রোসিস ও ফ্যাটি লিভার ডিজিজের অগ্রগতি কমে।
উপকারিতা ও টিপস:
- অর্গানিক কফি বেছে নিন, যাতে রাসায়নিক বা অ্যাডিটিভ কম থাকে।
- চিনি এড়িয়ে চলুন। প্রয়োজনে মধু, স্টেভিয়া বা মঙ্ক ফ্রুট ব্যবহার করা যেতে পারে, তবে ইরিথ্রিটল যেন না থাকে।
- নিয়মিত কফি লিভারের বিপাকক্রিয়া বাড়ায় ও চর্বি জমা কমায়।
- কফিতে থাকা ক্যাফিন ও পলিফেনলস প্রদাহ কমিয়ে লিভারের ডিটক্স প্রক্রিয়াকে সহায়তা করে।
বিটরুট জুস:
বিটরুট জুস অনেক সময় অবহেলিত হয়, অথচ এটি লিভারের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকে বেটালাইনস – শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভার কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
বিটরুট জুসের উপকারিতা:
- বেটালাইনস লিভার কোষে অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
- অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লিভারে চর্বি জমা প্রতিরোধ করে ও ডিটক্স প্রক্রিয়ায় সহায়তা করে।
তবে পরিমাণে সংযত থাকা জরুরি। অতিরিক্ত সেবনে এতে থাকা প্রাকৃতিক চিনি উপকারিতা নষ্ট করতে পারে। ডা. শেঠির মতে, সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে বিটরুট জুসের সংযোজন লিভার-সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রায়োগিক টিপস: ফ্যাটি লিভারের বিরুদ্ধে দৈনন্দিন অভ্যাস
- অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন।
- নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করুন।
- প্রতিদিনের খাদ্যতালিকায় গ্রিন টি, কফি, ও বিটরুট জুস অন্তর্ভুক্ত করুন, তবে সীমিত পরিমাণে।
এই তিনটি পানীয় যদি সঠিকভাবে খাদ্যাভ্যাসের অংশ হয়, তবে তা লিভারের কার্যক্ষমতা বাড়াতে, চর্বি জমা কমাতে ও দেহের সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করবে।
বিদ্র: এই প্রতিবেদনে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞাতার্থে উপস্থাপিত হয়েছে। একে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ হিসেবে গণ্য করা যাবে না। যেকোনো নতুন স্বাস্থ্য-অভ্যাস বা চিকিৎসা পদ্ধতি শুরু করার আগে অবশ্যই যোগ্য স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন।




