উত্তরপ্রদেশে রমজান মাসের আগে মাদ্রাসার জন্য যাকাত বা দান সংগ্রহ করতে বেরিয়ে নিগৃহীত হতে হল তিন ব্যক্তিকে। বদায়ুঁর ইসলামনগর এলাকায় তিন মুসলিম প্রবীণকে হেনস্থা ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত ২৪ বছর বয়সি যুবক অক্ষয় কুমারকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সহসওয়ান কোতয়ালি এলাকার মহিউদ্দিনপুরের বাসিন্দা আবদুল সালাম (৬০), মহম্মদ আরিফ (৩৫) এবং জাভেদ খান (৫৫) ইসলামনগরে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় একটি মুসলিম পাড়ার খোঁজ করছিলেন এবং হাইওয়ের রাস্তা জিজ্ঞেস করছিলেন। ঠিক সেই সময় স্কুটারে চড়ে আসা অক্ষয় কুমার তাঁদের পথ আটকায় এবং নাম জিজ্ঞেস করে। অভিযোগ, অক্ষয় আচমকাই জাভেদের মাথার টুপি খুলে নেয় এবং তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। ভিডিওতে দেখা গিয়েছে, অক্ষয় ওই তিন ব্যক্তিকে একের পর এক চড় মারছে এবং প্রায় ৫০০ মিটার পর্যন্ত তাড়া করে নিয়ে যাচ্ছে।
আক্রান্ত আবদুল সালাম জানিয়েছেন, তাঁরা একটি মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহ করছিলেন। সালামের অভিযোগ, “যখন আমরা ওকে অনুদান সংগ্রহের কথা জানালাম, ও আমাদের ওপর চড়াও হয়।” সামাজিক কলঙ্কের ভয়ে তাঁরা প্রথমে বিষয়টি প্রকাশ্যে আনেননি এবং অন্যদেরও চুপ থাকতে বলেন বলে জানান তিনি। কিন্তু দু’দিন পর যখন উস্কানিমূলক গানের সঙ্গে সেই হেনস্থার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তাঁরা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, এলাকায় প্রায় ৭০০ মুসলিম পরিবার বসবাস করেন এবং কারও চেহারা বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নিশানা না করার দাবি জানিয়ে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। বদায়ুঁর পুলিশ সুপার ব্রিজেশ কুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত অক্ষয় কুমারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১৫(২) (ইচ্ছাকৃত আঘাত), ৩৫১(৩) এবং ৩৫২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় এফআইআর দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে জাতীয় কংগ্রেসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওর টাইমস্ট্যাম্প অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারি। ঘটনার ভিডিও শেয়ার করে কংগ্রেস দাবি করেছে, নরেন্দ্র মোদী এবং বিজেপি-আরএসএস-এর বিষাক্ত আদর্শ দেশকে ঘৃণার আগুনে ঠেলে দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “২০১৪ সাল থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভারতজুড়ে এমন লজ্জাজনক ঘটনা ঘটছে। নরেন্দ্র মোদী এবং বিজেপি-আরএসএসের বিষাক্ত আদর্শ দেশকে ঘৃণার আগুনে নিমজ্জিত করেছে। এই লোকেরা ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারত ভালোবাসা এবং ভ্রাতৃত্বের দেশ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের শক্তি এবং পরিচয়, যা বিজেপি ক্রমাগত আক্রমণ করছে, সমাজকে বিষাক্ত করছে। আমরা প্রতিটি সম্প্রদায়ের আমাদের ভাইবোনদের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। বিজেপি এবং নরেন্দ্র মোদীর উচিত এই লজ্জাজনক ঘটনার জন্য সমগ্র জাতির কাছে ক্ষমা চাওয়া।” কিষাণগঞ্জের কংগ্রেস সাংসদ ডঃ মহম্মদ জাভেদ ভিডিওটি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ঘৃণাপ্রসূত হিংসা এবং নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে ভয় দেখানোর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা কি ন্যায়বিচার পাব?”




