পুকুরের পর ঝোপ! তদন্তকারীদের সামনে আবারও ফোন লুকোতে গিয়ে ধরা পড়লেন বড়ঞার বিধায়ক

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের অস্বস্তিতে তৃণমূলের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার ভোর থেকেই একযোগে চার জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যে বিধায়ককের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি-র গাড়ি ঢুকতেই নাকি পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা, এমনই অভিযোগ এজেন্সির। শুধু তাই নয়, তদন্তকারীরা আসতে দেখেই নিজের মোবাইল ফোন ঝোপের মধ্যে ছুঁড়ে দেন তিনি। যদিও সেই চেষ্টাও সফল হয়নি। পরে বাড়ির আশপাশ খুঁজে ঝোপ থেকে উদ্ধার হয় বিধায়কের দুটি ফোন। জানা গিয়েছে, প্রথমে কিছুই আঁচ করতে পারেননি ইডি আধিকারিকরা। কিন্তু খানিক পরেই সন্দেহ জাগে তাঁদের মনে। বাড়ির পিছনের ঝোপের পরিত্যক্ত নর্দমা খুঁজতেই মিলল চমক, সেখানেই পড়ে ছিল বিধায়কের মোবাইল ফোন। এখন সেটি আদৌ সচল কি না, কিংবা ভেতরে কী ধরনের তথ্য সঞ্চিত রয়েছে, তা খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা।

এটিই প্রথম নয়। এর আগে সিবিআই তল্লাশির সময়ও ফোন গোপন করতে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেবার বাড়িতে ঢুকে দুটি ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন বলে দাবি ওঠে। তবে সোমবার পালানোর চেষ্টা ব্যর্থ হয় বিধায়কের। বাড়ির পিছনের পাঁচিল টপকে বেরিয়ে যেতে গিয়েই এজেন্সির হাতে ধরা পড়েন তিনি। একইসঙ্গে জীবনকৃষ্ণ সাহার আত্মীয়া, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও এদিন তল্লাশি চালিয়েছে ইডি।

উল্লেখ্য, এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরে গত বছর মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।তবে সোমবারের ঘটনার পর ফের নতুন করে চাপ বাড়ল তৃণমূলের এই বিধায়কের উপর।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও