উমর খালিদের বই নিয়ে আলোচনার আয়োজন বাতিল জেএনইউ-তে

কারাবন্দ উমর খালিদের নতুন বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস: আদিবাসী হিস্ট্রিজ অ্যান্ড দ্য পলিটিক্স অব পাওয়ার’ নিয়ে প্রস্তাবিত আলোচনা সভা শেষ মুহূর্তে বাতিল করে দিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষ। আগামী ১০ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এই বিশেষ আলোচনা সভাটি আয়োজনের কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেস (এসএসআই) বিভাগ থেকেই প্রথমে এই সভার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছিল।​উল্লেখ্য, উমর খালিদের এই বইটি মূলত ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলের আদিবাসীদের ইতিহাস নিয়ে তাঁর গবেষণাপত্রের ওপর ভিত্তি করে লিখিত। ২০১৮ সালের জুলাই মাসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজ’-এ তিনি এই গবেষণাপত্রটি জমা দিয়েছিলেন। চলতি বছরের জুন মাসে বইটি প্রকাশিত হয়।
​বাতিল হওয়া এই আলোচনা সভায় বক্তব্য রাখার কথা ছিল অধ্যাপক প্রভু মহাপাত্র, উমা চক্রবর্তী, শিল্পী শুদ্ধব্রত সেনগুপ্ত, প্রখ্যাত লেখক ও সমাজকর্মী হর্ষ মন্দার এবং বনজ্যোৎস্না লাহিড়ীর। ​তবে রবিবার বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎই এক নির্দেশিকায় জানানো হয়, অনুষ্ঠানের বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ না করার কারণেই এই অনুমতি প্রত্যাহার ও অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জেএনইউ কর্তৃপক্ষ জানায়, “জেএনইউ একটি গণতান্ত্রিক ও বিকেন্দ্রীভূত প্রতিষ্ঠান। স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন এই সভার অনুমতি দিয়েছিলেন এবং তথ্য গোপনের বিষয়টি সামনে আসার পর তিনিই অনুষ্ঠান বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন।”

​প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তর-পূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করে ওই বছরেরই সেপ্টেম্বর মাসে উমর খালিদকে গ্রেফতার করা হয়। ওই হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হন, যাদের সিংহভাগই ছিলেন মুসলিম সম্প্রদায়ের। ​পুলিশের দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে আন্তর্জাতিক মঞ্চে কালিমালিপ্ত করতে এবং সিএএ-বিরোধী আন্দোলনকারীদের মদতেই পরিকল্পিতভাবে এই হিংসা ছড়ানো হয়েছিল।
​বর্তমানে উমর খালিদের বিরুদ্ধে কঠোর ইউএপিএ, সরকারি সম্পত্তি বিনাশ প্রতিরোধ আইন, অস্ত্র আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা চলছে। ​কোনো বিচার বা ট্রায়াল ছাড়াই দীর্ঘ প্রায় ছয় বছর ধরে জেলবন্দি রয়েছেন এই তরুণ সমাজকর্মী। ইতিপূর্বে একাধিকবার আবেদন করা সত্ত্বেও প্রতিবারই তাঁর জামিনের আর্জি আদালত খারিজ করে দিয়েছে। ​চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ উমর খালিদ এবং জেএনইউ-এর প্রাক্তন ছাত্র শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দেয়। তবে বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চ গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফা-উর-রহমান, শাদাব আহমেদ এবং মুহাম্মদ সালিম খানকে জামিন মঞ্জুর করেন। ​পরবর্তীতে গত ১৮ মে সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ পূর্ববর্তী ওই আদেশের সমালোচনা করে মন্তব্য করে যে, ইউএপিএ-র মতো কঠোর আইনের ক্ষেত্রেও জামিন পাওয়ার অধিকারই সাধারণ নিয়ম, আর জেলে রাখা ব্যতিক্রমী ঘটনা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও