রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার অভিযোগে আজ এক বিস্ফোরক সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নির্বাহী আদেশে তিনি ঘোষণা করলেন, ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে। আগেই ঘোষিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে মিলে তা দাঁড়াবে মোট ৫০ শতাংশে, যা আন্তর্জাতিক বাণিজ্য ইতিহাসে ভারতের জন্য এক নজিরবিহীন চাপ। হোয়াইট হাউসের মতে, রাশিয়া থেকে ভারতের অব্যাহত তেল আমদানি কার্যত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থনৈতিক রসদের যোগানদাতা হয়ে উঠেছে—এই যুক্তিতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং এর আগে ঘোষণা করা ২৫ শতাংশ শুল্কের ওপর যুক্ত হবে, যার কার্যকারিতা শুরু হবে বৃহস্পতিবার। অর্থাৎ, ভারতীয় রপ্তানি পণ্যের উপর মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে।
এই শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে। এর ফলে ভারতের অবস্থান এখন শুল্কের দিক থেকে ব্রাজিলের পাশে—সর্বোচ্চ স্তরে। এরপর রয়েছে সুইজারল্যান্ড (৩৯ শতাংশ), কানাডা ও ইরাক (৩৫ শতাংশ), এবং চীন (৩০ শতাংশ)।
ভারত ছাড়াও আরও ৬৯টি দেশ ও অঞ্চলের উপর নতুন করে ১০ থেকে ৪১ শতাংশ হারে ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বসানো হয়েছে। এই শুল্ক কার্যকর হবে ৭ আগস্ট থেকে। ব্যতিক্রম শুধু মেক্সিকো—তাদের ক্ষেত্রে শুল্ক আলোচনার সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। ব্রাজিলের ক্ষেত্রেও চিত্র জটিল। তাদের উপর ১ আগস্ট থেকে লাগু হচ্ছে ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক, যার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো-র বিরুদ্ধে মার্কিন আপত্তি।
অফিসিয়াল নির্বাহী আদেশে এই সিদ্ধান্তকে “জাতীয় জরুরি অবস্থা” সংক্রান্ত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে, এবং অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করা আরও কার্যকর হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে ট্রাম্প এবং অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার কৌশল গ্রহণ করেছেন। তবে এই ভারসাম্যপন্থা পশ্চিমা দেশগুলির বিরক্তির কারণ হয়েছে, যারা ইতিমধ্যেই মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
“অন্যায়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত”, ট্রাম্পের ৫০% শুল্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র প্রতিক্রিয়া
রাশিয়া থেকে তেল আমদানির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়ায় কড়া ভাষায় প্রতিবাদ জানাল ভারত। একে “অন্যায়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত” বলে অভিহিত করে ভারত স্পষ্ট জানিয়ে দিল—“জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।”
সন্ধ্যাবেলায় এক সরকারি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে লক্ষ্য করে একতরফাভাবে শুল্ক আরোপ করছে। আমরা ইতিপূর্বেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি—আমাদের আমদানি পুরোপুরি বাজারভিত্তিক এবং তা ১৪০ কোটি ভারতীয় নাগরিকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্দেশ্যে পরিচালিত।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “অতএব, এ ধরনের অতিরিক্ত শুল্ক আরোপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে যখন একাধিক দেশ নিজেদের জাতীয় স্বার্থে একই ধরনের আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
শেষে ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, “আমরা আবারও জোর দিয়ে বলছি, এই পদক্ষেপগুলো অন্যায়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে।”




