শীঘ্রই ট্রেনে উঠতে গেলে আপনার ব্যাগেজের ওজন মাপতে হতে পারে! বিমান সংস্থাগুলির মতোই এবার ভারতীয় রেল যাত্রীদের জন্য কঠোর লাগেজ নীতি চালু করতে চলেছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যাত্রীদের লাগেজ ইলেকট্রনিক মেশিনে ওজন করা হবে। বড় স্টেশনগুলোতে প্রথমে এই ব্যবস্থা চালু হচ্ছে। অনুমোদিত সীমার বেশি বা ভারী লাগেজ বহন করলে দিতে হবে অতিরিক্ত চার্জ। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুরুতে এই ব্যবস্থা চালু হবে উত্তর মধ্য রেলওয়ের (এনসিআর) কিছু বড় স্টেশনে। এর মধ্যে রয়েছে প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর, টুন্ডলা, আলীগড় জংশন এবং ইটাওয়া। প্রসঙ্গত, বর্তমানে বিমানে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ লাগেজ বিনামূল্যে বহনের অনুমতি থাকে। এর বেশি হলে যাত্রীকে অতিরিক্ত টাকা গুনতে হয়। এবার রেলও একই পথে হাঁটছে।
ভারতীয় রেলের লাগেজ নীতি (শ্রেণি অনুযায়ী):
এসি ফার্স্ট ক্লাস: সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত ফ্রি। এর বাইরে ১৫ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হবে। এরও বেশি লাগেজ বহন করতে চাইলে ৬৫ কেজি পর্যন্ত আলাদা বুকিং করে পার্সেল ভ্যানে পাঠানো যাবে।
সেকেন্ড এসি: সর্বোচ্চ ৫০ কেজি লাগেজ বহন করা যাবে। অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত ফ্রি ছাড় থাকবে। এরপর আরও ৩০ কেজি লাগেজের জন্য পার্সেল ভ্যান বুকিং করতে হবে।
থার্ড এসি / এসি চেয়ার কার: সর্বোচ্চ ৪০ কেজি লাগেজ ফ্রি বহন করা যাবে, সঙ্গে ১০ কেজি অতিরিক্ত ছাড়। এর বাইরে ৩০ কেজি পর্যন্ত পার্সেল ভ্যানে বুকিং করা যাবে।
স্লিপার ক্লাস: সর্বোচ্চ ৪০ কেজি লাগেজ ফ্রি, সঙ্গে ১০ কেজি অতিরিক্ত ছাড়। এর বাইরে ৭০ কেজি পর্যন্ত পার্সেল ভ্যানে বুকিং করা যাবে।
সেকেন্ড ক্লাস / জেনারেল: সর্বোচ্চ ৩৫ কেজি লাগেজ ফ্রি, সঙ্গে ১০ কেজি অতিরিক্ত ছাড়। এর বেশি হলে সর্বোচ্চ ৬০ কেজি পার্সেল ভ্যানে বুক করা যাবে।




