আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক। এ সংক্রান্ত খসড়া নোটিস জারি করেছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই সোমবার সিবিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসবে। রাত ১২টা ১ মিনিট (ইডিটি) থেকে যুক্তরাষ্ট্রে ভোগের জন্য প্রবেশ করা বা গুদাম থেকে তোলা সব ভারতীয় পণ্যের ওপর এই নিয়ম কার্যকর হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছিলেন, “মনে রাখুন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে কম হয়েছে, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি, বিশ্বের মধ্যে প্রায় শীর্ষে। এছাড়া তাদের রয়েছে কঠিন ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্যিক প্রতিবন্ধকতা। তাছাড়া তারা সবসময়ই তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে কিনেছে এবং চীনের পাশাপাশি রাশিয়ার অন্যতম বৃহত্তম জ্বালানি ক্রেতা। আজ যখন সবাই চাইছে রাশিয়া যেন ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করে, তখন এগুলো কোনো ভালো সংকেত নয়! তাই ভারতকে ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, এর সঙ্গে উপরের কারণে একটি অতিরিক্ত জরিমানা। বিষয়টিতে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এম.এ.জি.এ!”
এদিকে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে এক জনসভায় বলেন, ২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক সত্ত্বেও তার সরকার চাপ সামাল দেওয়ার উপায় খুঁজে বের করবে।মোদি বলেন, “কত চাপই আসুক, আমরা তা মোকাবিলা করার শক্তি আরও বাড়াবো। আজ আত্মনির্ভর ভারত অভিযান নতুন উদ্যম পাচ্ছে গুজরাত থেকে। এর পেছনে রয়েছে দুই দশকের কঠোর পরিশ্রম।”
কতটা ভয়াবহ হতে পারে?
দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রই ছিল ভারতের প্রধান রপ্তানি গন্তব্য। সেই বছর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি হয়েছিল প্রায় ৮৭.৩ বিলিয়ন ডলারের। নোমুরার বিশ্লেষকদের সতর্কবাণী, ৫০ শতাংশ শুল্ক কার্যত এক প্রকার বাণিজ্য অবরোধ হয়ে দাঁড়াবে, যা কম মূল্য সংযোজন এবং অল্প মুনাফায় চলা ছোট ব্যবসাগুলোর জন্য বিধ্বংসী হবে। এলারা সিকিউরিটিজের গরিমা কাপুর বলেন, “এত ভারী আমদানি শুল্কের ফলে কোনো ভারতীয় পণ্যই প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখতে পারবে না”।
অর্থনীতিবিদদের হিসাব, এই শুল্ক আরোপের ফলে চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধি থেকে ৭০ থেকে ১০০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে। অর্থাৎ প্রবৃদ্ধি নেমে আসতে পারে ছয় শতাংশের নিচে, যা মহামারির পর থেকে সবচেয়ে দুর্বল গতি। টেক্সটাইল, সামুদ্রিক খাদ্য ও গয়নার রপ্তানিকারকরা ইতিমধ্যেই জানাচ্ছেন, মার্কিন অর্ডার বাতিল হচ্ছে এবং প্রতিযোগী দেশ বাংলাদেশ ও ভিয়েতনামের কাছে ব্যবসা হারাচ্ছেন তারা। ফলে ব্যাপক হারে কর্মসংস্থান হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
তবে সামান্য স্বস্তির জায়গা রয়েছে: ওষুধ এবং ইলেকট্রনিক্স খাত, যার মধ্যে ভারতের কারখানায় সংযোজিত আইফোনও রয়েছে, আপাতত এই শুল্ক থেকে অব্যাহতি পাচ্ছে।এসঅ্যান্ডপি-র অনুমান, ভারতের জিডিপির ১.২ শতাংশ সমপরিমাণ রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। তবে তাদের মতে এটি হবে এককালীন ধাক্কা, যা দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির গতিকে পথচ্যুত করবে না।
কে আগে নতি স্বীকার করবে?
এখনও পর্যন্ত তার কোনো ইঙ্গিত নেই। বরং আলাস্কায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের বৈঠকের পর থেকে ভারতকে ঘিরে ওয়াশিংটনের সমালোচনা আরও জোরালো হয়েছে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো চলতি মাসে ফাইন্যান্সিয়াল টাইমস-এ লেখেন, “ভারত কার্যত রাশিয়ান তেলের বৈশ্বিক ক্লিয়ারিংহাউস হিসেবে কাজ করছে। তারা নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের রপ্তানিতে রূপান্তর করছে এবং মস্কোকে প্রয়োজনীয় ডলার জোগাচ্ছে।” ভারতীয় রিফাইনারিদের তিনি অভিযুক্ত করেন, অতিরিক্ত মুনাফা লুটের জন্য।
এর জবাব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তাঁর দাবি, ভারতের তেল কেনা বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে এবং ২০২২ সালে এ কাজ হয়েছিল ওয়াশিংটনের নীরব সম্মতির সঙ্গেই। জয়শঙ্কর যুক্তি দেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরাই ভারত থেকে পরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য কিনে থাকে। তাঁর বক্তব্য, “যদি ভারতের কাছ থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে আপনার আপত্তি থাকে, তবে কিনবেন না। কেউ তো আপনাদের জোর করেনি, কিন্তু ইউরোপ কিনছে, আমেরিকাও কিনছে।” তিনি আরও বলেন, ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারির আগে পর্যন্ত কখনও তাদের কাছে “তেল কেনা বন্ধ করতে বলা হয়নি।”
বাণিজ্য গবেষণা সংস্থা কেপলার জানিয়েছে, ভারতের অবস্থান পরিষ্কার হবে সেপ্টেম্বরে। কারণ আগস্ট মাসের বেশির ভাগ চালানই ট্রাম্পের হুমকির আগে ঠিক করা হয়েছিল।
তবে বিশেষজ্ঞদের মতে, ভারত এখন জটিল অবস্থায়। নতুন দিল্লি-ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের নন্দন উণ্ণিকৃষ্ণন মন্তব্য করেন, “এ যেন এক অচলাবস্থা, যেখান থেকে বের হতে ভারতের বিপুল বুদ্ধি ও নমনীয়তা প্রয়োজন।”
ভারত কী করতে পারে?
নতুন দিল্লি অর্থনীতি মজবুত করার পাশাপাশি ব্রিকস অংশীদার ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছে।
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মিত্র মস্কো সফরে গিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রতিবন্ধকতা কমানোর প্রতিশ্রুতি আনেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর প্রথমবার চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন, বহুদিনের ঠান্ডা সম্পর্ক মেরামত করার লক্ষ্যে।
দেশের ভেতরে, ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, রপ্তানিকারকদের জন্য সরকার ২.৮ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ তৈরি করছে, যা ছয় বছরের কর্মসূচির অংশ, মূলত তারল্য ঘাটতি দূর করার উদ্দেশ্যে।
অর্থনীতিকে চাঙা করতে এবং জনগণকে স্বস্তি দিতে মোদী দৈনন্দিন পণ্যে করছাড় প্রস্তাবও রেখেছেন।
বাণিজ্য চুক্তির অন্তরায় কী?
কৃষি ও দুগ্ধ খাতই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।ট্রাম্প চান মার্কিন কৃষিপণ্যের জন্য ভারতের বাজারে বেশি প্রবেশাধিকার। কিন্তু মোদী স্পষ্ট করেছেন, ভারতের কৃষকসমাজ যারা বিশাল ভোটব্যাংক, তাদের স্বার্থ রক্ষা করতেই হবে।
মিডিয়া রিপোর্ট বলছে, মার্কিন আলোচকরা আগস্টের শেষে নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। তাতেই আলোচনার ভেঙে যাওয়ার জল্পনা ছড়ায়।
তবে জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনা চালু রয়েছে। তাঁর মন্তব্য, “আলোচনা চলছে, সেই অর্থে যে কেউ বলেনি আলোচনা বন্ধ হয়েছে। আর মানুষ, মানুষ তো একে অপরের সঙ্গে কথা বলেই।” সূত্র: দ্য হিন্দু




