‘বিজেপির ললিপপ হবেন না’! কমিশনকে সরাসরি আক্রমণ মমতার

পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভার মঞ্চে ফের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “আপনাকে প্রণাম জানাই, সেলাম জানাই। কিন্তু দয়া করে বিজেপির ললিপপ হয়ে যাবেন না। তা হলে দেশের মানুষ ক্ষমা করবে না।” মুখ্যসচিব মনোজ পন্থকে পাশে নিয়েই এ হুঁশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত, কমিশনের তলবে পন্থকে সম্প্রতি দিল্লি যেতে হয়েছিল। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড ও এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। প্রথমে রাজ্য সেই নির্দেশ মানেনি। পরে চাপ বাড়তেই সাসপেন্ড করা হয় আধিকারিকদের। তবে এফআইআরের ক্ষেত্রে আপাতত সময় চেয়েছে রাজ্য। কমিশনের সেই চাপানউতরের জেরেই মঙ্গলবারের কর্মসূচিতে ফের কড়া সুরে শাসকদল নেত্রীর বার্তা ধরা পড়ল।

মমতার আক্রমণ কিন্তু শুধু কমিশনকেই ঘিরে নয়। প্রসঙ্গ টেনে আনলেন ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের দুর্দশাও। তাঁর বক্তব্য, “২২ লক্ষ শ্রমিক বাইরে কাজ করেন। কারও দয়া পাননি। যাঁরা সোনার কাজ, নির্মাণ কাজ পারেন, তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল জামাই-আদর করে। আজ তাঁদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা।” শ্রমিকদের উদ্দেশে তাঁর আহ্বান, ফিরে আসুন। ৫ হাজার টাকা পাবেন, রেশন পাবেন বিনামূল্যে, বাচ্চাদের পড়াশোনার খরচ লাগবে না। স্কুলে ভর্তি করে দেওয়া হবে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নাম না করে কটাক্ষ করেন মমতা। গত শনিবার মোদী অভিযোগ করেছিলেন, বাংলায় অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। মমতার জবাব, আমি প্রধানমন্ত্রী পদকে সম্মান করি। কিন্তু উনিও আমাদের চেয়ারকে সম্মান করুন। কেন বলবেন, বাংলায় সবাই চোর? তাই নাকি টাকা বন্ধ করেছেন! এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের দিকে আঙুল তুলে তিনি বলেন, সবচেয়ে বড় চোর ওরা। আগে সেদিকে নজর দিন। মঞ্চে দাঁড়িয়েই মুখ্যসচিবের উদ্দেশে মমতার প্রশ্ন, “বাংলাকে অপমান করার জন্য ক’টা টিম পাঠিয়েছিল চিফ সেক্রেটারি? ১৮৬টি টিম! ভাবা যায়? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও বাংলাকে চোর বলা হচ্ছে। লজ্জা করে না?”

মমতার সাম্প্রতিক মন্তব্য, দ্বিমুখী বার্তা বহন করছে। প্রশাসক মমতা কমিশনের নির্দেশ মেনে চার আধিকারিককে সাসপেন্ড করেছেন। কিন্তু তৃণমুল নেত্রী মমতা নিজের আক্রমণের ঝাঁজ একেবারেই কমাচ্ছেন না। ফলে কমিশন বনাম নবান্নের দ্বন্দ্ব যে আরও তীব্র হতে চলেছে, তা কার্যত স্পষ্ট।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও