শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি মানেই ক্লান্তি, মাথা ঘোরা আর কর্মক্ষমতা কমে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকার ভেতরে থাকা এক গুরুত্বপূর্ণ প্রোটিন, যা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। এর প্রধান কাজ হলো ফুসফুস থেকে শরীরের প্রতিটি কোষ ও অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়া, যাতে তারা শক্তি উৎপাদন করতে পারে এবং স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারে। একই সঙ্গে হিমোগ্লোবিন শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ কার্বন-ডাই-অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে নিয়ে যায়, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। সঠিক মাত্রায় হিমোগ্লোবিন থাকা শিশুদের বৃদ্ধি, ক্ষত সারানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যও সমান জরুরি। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা ১৪.০–১৮.০ গ্রাম/ডেসিলিটার (g/dL) এবং মহিলাদের জন্য ১২.০–১৬.০ গ্রাম/ডেসিলিটার (g/dL) হওয়া উচিত।
এই প্রেক্ষাপটে, হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা ধরে রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু বিশেষ নিরামিষ খাবার রাখাই সবচেয়ে কার্যকর উপায়। এক নজরে দেখে নিন-
১. লাল শাক
এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফলেট ও ভিটামিন সি, যা রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত লাল শাকের রস খেলে হিমোগ্লোবিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে গর্ভবতী নারীদের হালকা অ্যানিমিয়া দূর করতে লাল শাকের রস কার্যকর প্রমাণিত হয়েছে।
কীভাবে খাবেন: লাল শাক ভিজিয়ে বা সেদ্ধ করে সালাদে ব্যবহার করা যায়। এছাড়া পিউরি করে তরকারি কিংবা পরোটা তৈরির আটা মাখার সময় মিশিয়ে খাওয়া যায়।
২. বিটরুট
বলা হয়, বিটরুট শরীরে রক্ত তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। গবেষণায় দেখা গেছে, টানা তিন সপ্তাহ দিনে দু’বার বিটরুটের রস খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রক্তের অন্যান্য গুণগত মানও কিছুটা উন্নত হয়। সবচেয়ে বড় বিষয়, বিটরুট অ্যানিমিয়া দূর করতে কার্যকর এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
কীভাবে খাবেন: বিটরুটের রস, স্মুদি, স্যুপ বা সালাদ করে খাওয়া যায়। এছাড়া চিপস, ফ্রাই কিংবা ডিপ হিসেবেও খাওয়া যায়।
৩. ডালিম
ডালিমে রয়েছে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। এক গবেষণায় দেখা গেছে, টানা ১৪ দিন প্রতিদিন ৫০০ মিলি ডালিমের রস খেলে রক্তকণিকার সংখ্যা, হিমোগ্লোবিনের ঘনত্ব এবং হেমাটোক্রিট মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ে। এছাড়া ডালিম মস্তিষ্কের স্মৃতি শক্তি বৃদ্ধি ও আর্থ্রাইটিসের উপসর্গ কমাতেও সাহায্য করে।
কীভাবে খাবেন: ডালিম ফল হিসেবে সরাসরি খাওয়া সবচেয়ে ভালো। এছাড়া রস বানিয়ে, সালাদে বা স্যুপের সঙ্গে খাওয়া যায়।
৪. ডাল ও শুঁটি জাতীয় খাদ্য
মসুর ডাল, ছোলা, রাজমা ইত্যাদি ডাল জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন ও ফলেট থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, ফোর্টিফায়েড ডাল খেলে শরীরে আয়রনের মাত্রা ভালো থাকে এবং হিমোগ্লোবিন বৃদ্ধি পায়।
কীভাবে খাবেন: ডাল রান্না করে, স্যুপ আকারে বা কাবাব বানিয়ে খাওয়া যায়।
৫. বাদাম ও বীজ
কাজু, কাঠবাদাম, পেস্তা, কুমড়োর বীজ ও তিলের বীজে রয়েছে প্রচুর আয়রন, কপার ও অন্যান্য খনিজ উপাদান, যা হিমোগ্লোবিন তৈরির জন্য অপরিহার্য। এক গবেষণায় বলা হয়েছে, প্রতি ১০০ গ্রাম কাজুতে প্রায় ৬.৭ মি.গ্রা. আয়রন, পেস্তায় ৩.৯ মি.গ্রা. আয়রন এবং কাঠবাদামে ৫.৪ মি.গ্রা. আয়রন পাওয়া যায়। নিয়মিত খেলে শরীরে স্বাভাবিকভাবেই হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে।
কীভাবে খাবেন: বাদাম ভেজে খেতে পারেন অথবা সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে হজম ভালো হয় ও পুষ্টি সহজে শোষিত হয়। এছাড়া সালাদ, স্যুপ বা তরকারির সঙ্গেও মিশিয়ে খাওয়া যায়।
বিদ্র: এই প্রবন্ধে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞাতার্থে উপস্থাপিত হয়েছে। একে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ হিসেবে গণ্য করা যাবে না। যেকোনো নতুন স্বাস্থ্য-অভ্যাস বা চিকিৎসা পদ্ধতি শুরু করার আগে অবশ্যই যোগ্য স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন।




