দুর্গাপুজোর ঢাকের আওয়াজ মিটতেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন কংগ্রেস নেতা তথা লোকসভার দলনেতা রাহুল গান্ধী। শনিবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের হাতে পৌঁছেছে এআইসিসি-র বার্তা, আগামী ১৫ অক্টোবর বাংলায় পা রাখছেন তিনি। তবে এবারের সফর কেবল সাংগঠনিক বৈঠক বা জনসভা নয়, এর রাজনৈতিক তাৎপর্য নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। দলীয় সূত্রের খবর, কলকাতা শহরে কোনও কর্মসূচি থাকছে না রাহুলের। নজর উত্তরবঙ্গ ও উত্তর-মধ্য বাংলায়। বিশেষত মালদহ জেলায় আয়োজন করা হচ্ছে একটি বড় সম্মেলনের, যেখানে উপস্থিত থাকবেন তিনি।
মালদহে সমাবেশ আয়োজনের কারণ হিসাবে কংগ্রেস নেতাদের মত, এর পেছনে রয়েছে সুস্পষ্ট কৌশল। ২০২৪-এর লোকসভা ভোটে বাংলার ৪২ আসনের মধ্যে একমাত্র মালদহ দক্ষিণ থেকেই জয় পেয়েছিল কংগ্রেস। দলের তরুণ সাংসদ ইশা খান চৌধুরীর সেই সাফল্যকে সামনে রেখেই রাহুলকে নিয়ে মালদহে নতুন করে কর্মীদের চাঙ্গা করতে চাইছে প্রদেশ কংগ্রেস। বিধান ভবনের দাবি, ওই কেন্দ্রের মধ্যেই কোনও এক জায়গায় সম্মেলন হবে। যদিও এখনও পর্যন্ত এআইসিসি রাহুলের সম্পূর্ণ সফরসূচি প্রকাশ করেনি। ফলে শেষ মুহূর্তে বদল আসতে পারে কর্মসূচিতে। তবু কংগ্রেস নেতৃত্ব প্রায় নিশ্চিত, রাহুলের মালদহ সফর হচ্ছে। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়াও বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতায় এসে এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল ইঙ্গিত দিয়েছিলেন রাহুলের বাংলায় আসার বিষয়ে। তাঁর কথায়, কংগ্রেস এই মুহূর্তে মতাদর্শের লড়াই লড়ছে। রাহুল গান্ধী নিজে এসে সেই লড়াইকে শক্তিশালী করবেন। রাজনৈতিক মহলের মতে, এবারের সফর কেবল সাংগঠনিক জোরদারই নয়, ২০২৬ বিধানসভা ভোটের আগেই রাজ্যে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। তৃণমূল-বিজেপি দ্বিমুখী সমীকরণের বাইরে কংগ্রেস কীভাবে নিজেদের জায়গা করে নিতে চায়, তার কিছু ইঙ্গিত মিলতে পারে মালদহ থেকে।
এদিকে, শনিবারই বিধান ভবন থেকে রাহুলের দেওয়া ‘ভোট চোর-গোদি ছোড়’ স্লোগানের সমর্থনে শুরু হয়েছে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। কংগ্রেস নেতৃত্বের আশা, সেই অভিযানের শেষ দিন রাজ্যের কর্মসূচিতে যোগ দিয়ে সরাসরি বার্তা দেবেন রাহুল গান্ধী।
সব মিলিয়ে, শারদোৎসবের পরে বাংলায় রাহুলের সফরকে ঘিরে এখন কংগ্রেস শিবিরে সাজো সাজো রব। আর কেন্দ্রবিন্দুতে মালদহ, যেখানে হাতশিবিরের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা আঁকতে চাইছে প্রদেশ নেতৃত্ব।




