নতুন জিএসটি হার কার্যকর: সোমবার থেকে সস্তা হচ্ছে কোন কোন নিত্যপ্রয়োজনীয় জিনিস?

উৎসবের মরসুমের মুখে সাধারণ মানুষের মুখে যেন খানিকটা স্বস্তির হাওয়া। সোমবার থেকে কার্যকর হল নতুন জিএসটি কাঠামো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া সংস্কারমূলক সিদ্ধান্ত বাস্তবায়িত হল ২২ সেপ্টেম্বর থেকে। আর তার জেরেই এখন থেকে সমস্ত পণ্যের উপর কর থাকবে হয় ৫ শতাংশ, নয়তো ১৮ শতাংশ। বাতিল হয়ে গিয়েছে এত দিনের ১২ ও ২৮ শতাংশের স্ল্যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই একে আখ্যা দিয়েছিলেন ‘দ্বিগুণ দীপাবলি’। রবিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি ফের মনে করিয়ে দেন, এই সংস্কারের ফলে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রান্নাঘর কিংবা সাজসজ্জার সামগ্রী – সর্বত্রই খানিকটা হলেও সাশ্রয় হবে।

কোন কোন জিনিস হচ্ছে সস্তা?

খাদ্যপণ্য: দুধ, ছানা, পনির, রুটি ও পাউরুটি থেকে জিএসটি একেবারেই তুলে নেওয়া হয়েছে।

প্রক্রিয়াজাত খাদ্য: মাখন, ঘি, তেল, সসেজ, রান্না করা মাংস-মাছ, পাস্তা, নুডলস, স্প্যাগেটি, চিজ – সব কিছুর উপর কর ১২% থেকে নেমে এল ৫%-এ।

ফলমূল: বাদাম, খেজুর, আনারস, পেয়ারা, আম-সহ বিভিন্ন ফলের দামও পড়বে কমে।

প্রসেসড ফুড: জ্যাম, জেলি, ভুজিয়া, মাশরুম, ইস্ট, সয়াবিন, পানীয় জল (২০ লিটার) – সব কিছুর উপর জিএসটি ১২ থেকে নেমে হল ৫%।

মিষ্টি ও ডেজার্ট: মধু, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিন – ১৮% থেকে নেমে এসেছে ৫%-এ।

বিড়ি: পাতার উপর জিএসটি ১৮% থেকে ৫%। বিড়ির ক্ষেত্রে ২৮% থেকে নামল ১৮%।

স্বাস্থ্য খাত: একাধিক জীবনদায়ী ওষুধ, থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, গ্লুকোমিটার সব কিছুতেই জিএসটি কমে ৫%।

ইলেকট্রনিকস: টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ – সব কিছুর উপর কর ২৮ থেকে নেমে এল ১৮%-এ।

গাড়ি ও বাইক: ছোট গাড়ি ও বাইকের দাম এবার কিছুটা হালকা হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১২০০ সিসির কম পেট্রলচালিত গাড়ি, ১৫০০ সিসি পর্যন্ত ডিজেলচালিত গাড়ি, আর সিএনজি ও এলপিজি গাড়ির উপর জিএসটি ধরা হয়েছে ১৮ শতাংশ। একইভাবে, ৩৫০ সিসির নিচের মোটরবাইকও এই কর কাঠামোর আওতায় আসছে। অন্যদিকে, বৈদ্যুতিক গাড়ির উপর মাত্র ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে।

শিক্ষাসামগ্রী: পেন্সিল, শার্পনার, রং, খাতা, মানচিত্র, চার্ট, গ্লোব – সব কিছুর উপর থেকে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

জুতো-জামা: ৫% জিএসটি প্রযোজ্য হবে, ফলে দাম পড়বে কম।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী: সাবান, চুলের তেল, টুথপেস্ট, ব্রাশ, শেভিং ক্রিম, ট্যালকম পাউডার, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল – সব কিছুর দাম কমছে।

হেলথ ও ওয়েলনেস: জিম, যোগকেন্দ্র, স্পা, হেলথ ক্লাবের খরচে এখন থেকে জিএসটি মাত্র ৫%।

কৃষি ও পরিকাঠামো: সিমেন্ট, কৃষিযন্ত্র, সার, ট্র্যাক্টরের সরঞ্জাম, সেলাই মেশিন – সব কিছুর দামও কমছে।

বিমা: জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে জিএসটি।

তবে কোন জিনিসের দাম বাড়ল?

বিলাসপণ্য: বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কার – এগুলিতে কর বেড়ে দাঁড়াল ৪০%-এ।

তামাকজাত দ্রব্য: সিগারেট, চুরুট, তামাক – সব কিছুর উপর ৪০% জিএসটি।

পান মশলা ও পানীয়: পান মশলা, চিনিযুক্ত সফট ড্রিঙ্কস, কার্বনেটেড পানীয় – সব কিছুর কর বেড়ে হল ৪০%।

কয়লা: এতদিন ৫% কর থাকলেও এখন থেকে দিতে হবে ১৮%।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও