হামলার জন্য ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চলতি মাসে দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো একটি নজিরবিহীন হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ায় কাতারের কাছে ক্ষমা চেয়েছেন। এই হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। সোমবার হোয়াইট হাউসে কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসেম আল থানির সঙ্গে এক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু যৌথভাবে টেলিফোনে এই ক্ষমা জানান। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, “প্রথম ধাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাস লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তার অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।” এতে আরও বলা হয়েছে, “জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করার ক্ষেত্রে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে – এটি ইসরায়েল অনুধাবন করেছে এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।”

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর দোহার একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় অন্তত পাঁচজন নিম্নপদস্থ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলায় লক্ষ্যবস্তু হলেও হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান।

ক্ষমা চাওয়া একটি ‘গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ

এই প্রথমবার ইসরায়েল কাতারে হামলা চালায়। কাতার মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ এবং সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “এই কলটি যুক্তরাষ্ট্রের উদ্যোগে আসে, যেখানে দোহা শহরের একটি আবাসিক এলাকায় হামাসের আলোচনাকারী প্রতিনিধি দলের বাসস্থানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। এটি কাতারের সার্বভৌমত্বের একটি স্পষ্ট লঙ্ঘন।”

মন্ত্রণালয় আরও জানায়, “আলোচনার শুরুতেই কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আঞ্চলিক শান্তির প্রচেষ্টায় তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে, কাতারের ওপর পুনরায় হামলা না হওয়ার বিষয়ে গ্যারান্টি এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতার প্রতিশ্রুতির জন্য।”

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী, আমি আপনাকে জানাতে চাই যে, আমাদের হামলায় আপনার এক নাগরিক নিহত হওয়ায় ইসরায়েল দুঃখ প্রকাশ করছে। আমাদের লক্ষ্য ছিল হামাস, কাতারি নাগরিকরা নয়।” তিনি আরও বলেন, “আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে, ভবিষ্যতে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না – আমি প্রেসিডেন্টের কাছেও এ প্রতিশ্রুতি দিয়েছি।” নেতানিয়াহু এরপর বলেন, “ইসরায়েলের কাতারের প্রতি কিছু অভিযোগ আছে – মুসলিম ব্রাদারহুডকে সমর্থন, আল জাজিরায় ইসরায়েল বিরোধী প্রচার, এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলবিরোধী মনোভাব উস্কে দেওয়া ইত্যাদি।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দোহায় এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর চরম লঙ্ঘন হিসেবে নিন্দা জানান। হামলার কয়েকদিন পর দোহায় ৬০টিরও বেশি মুসলিম দেশ একত্রিত হয়ে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে।নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার পর হোয়াইট হাউস জানায়, কাতারি প্রধানমন্ত্রী এই আশ্বাসকে স্বাগত জানান এবং কাতারের পক্ষ থেকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় অব্যাহত ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুও একই অঙ্গীকার করেন।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, “নেতানিয়াহুর এই প্রকাশ্য ক্ষমা চাওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আল জাজিরাকে বলেন, “কাতার শুরু থেকেই বলে আসছিল, প্রকাশ্যে ক্ষমা না চাইলে ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হবে – এমন নিশ্চয়তা না দিলে, তারা আর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারবে না। এই বিষয়টি শুধু হামাস ও ইসরায়েলের মধ্যস্থতার জন্যই নয়, বরং সামগ্রিকভাবে বিশ্বব্যাপী যেকোনো শান্তি প্রক্রিয়ার জন্যও গুরুত্বপূর্ণ। যখন দ্বন্দ্বে জড়িত পক্ষেরা সরাসরি নিজেদের ‘হিসাব চুকাতে’ চায়, তখন শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিরপেক্ষ ক্ষেত্র দরকার, তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে।” সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও