দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়া ধর্ষণকাণ্ডে গ্রেফতার সহপাঠী! ধর্ষক একজনই, তবে বাকিদের ভূমিকা পুলিশের সন্দেহের আওতায়

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়া ধর্ষণকাণ্ডে নতুন মোড়। নির্যাতিতার সহপাঠীকেও গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক শেষ হতেই অভিযুক্ত সহপাঠীকে পাকড়াও করা হয়। ফলে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। পুলিশের অনুমান, প্রাথমিক প্রমাণে নির্যাতিতাকে ধর্ষণ করেছে এক জনই। তবে ঘটনাস্থলে উপস্থিত বাকি পাঁচ জনের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ফের গিয়েছিল দুর্গাপুরের পরানগঞ্জের জঙ্গলে, সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করতে। এর আগেই নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। এখনও কিছু তদন্ত বাকি রয়েছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। তিনি জানান, সহপাঠীর সেই রাতের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত অভিযুক্তের ডিএনএ পরীক্ষা হবে। তাঁর কথায়, অভিযোগ পাওয়ার দু’দিনের মধ্যেই সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণও সম্পন্ন হয়েছে। কমিশনার আরও জানান, নির্যাতিতা ও তাঁর বন্ধু ছাড়া ঘটনাস্থলে যে পাঁচ জন উপস্থিত ছিলেন, তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত নমুনা এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী, এক জন ধর্ষণ করেছে, বাকিদের ভূমিকা তদন্তাধীন। তিনি বলেন, ফরেন্সিক রিপোর্ট ও মেডিক্যাল টেস্টের ফলাফলের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও