অবশেষে শেষ হলো মধ্যপ্রাচ্যের বিতর্কিত এক অধ্যায়। সৌদি আরব ঘোষণা করেছে, বন্ধ হচ্ছে ৫০ বছর ধরে চালু থাকা বিতর্কিত ‘কাফালা’ শ্রম-স্পনসরশিপ ব্যবস্থা। মানবাধিকার কর্মীদের ভাষায় এটি ছিল এক প্রকার আধুনিক দাসত্ব, যেখানে বিদেশি শ্রমিকদের জীবনের নিয়ন্ত্রণ থাকত এক ‘কাফিল’-এর হাতে। এই ব্যবস্থার অধীনে নিয়োগকর্তা, যাঁদের বলা হতো ‘কাফিল’। তাঁদের হাতে থাকত অমানবিক ক্ষমতা, শ্রমিকের পাসপোর্ট নিজের কাছে রেখে দেওয়া, চাকরি বদল বা দেশ ছাড়ার অনুমতি আটকে রাখা, এমনকি অনেক সময় মুক্তিপণ দাবিও করা হতো।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ সংস্কার পরিকল্পনার অংশ হিসেবেই বাতিল করা হলো এই কাফালা ব্যবস্থা। দেশটির ভাবমূর্তি উন্নত করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে নেওয়া হয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে প্রায় ১ কোটি ৩০ লক্ষ বিদেশি শ্রমিক, যার মধ্যে প্রায় ২৫ লক্ষ ভারতীয়, সরাসরি উপকৃত হবেন।
কাফালা কীভাবে কাজ করত
১৯৫০-এর দশকে চালু হয় এই ব্যবস্থা। তখন উপসাগরীয় দেশগুলির দ্রুত অর্থনৈতিক বিকাশের জন্য ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শ্রমিক আমদানি হচ্ছিল বিপুল হারে। সস্তা শ্রমিকদের এই প্রবাহ ‘নিয়ন্ত্রণ’ করতেই কাফালা ব্যবস্থা তৈরি হয়। প্রবর্তিত এই ব্যবস্থায় বিদেশি শ্রমিকদের সৌদির একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ করা হতো। কাফিলই ঠিক করতেন শ্রমিক কোথায় কাজ করবেন, কোথায় থাকবেন, এমনকি তাঁদের বেতনও আটকে রাখতে পারতেন। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল, শ্রমিক নির্যাতনের অভিযোগ করতে পারতেন না কাফিলের অনুমতি ছাড়া!
মানবাধিকার সংগঠনগুলো বারবার অভিযোগ করেছে, এই ব্যবস্থার আড়ালে সৌদি ও অন্যান্য গালফ দেশে চলছে মানবপাচার ও যৌন নির্যাতনের ভয়াবহ চক্র। ২০১৭ সালে গুজরাটের এক নারীকে কাফিল যৌনদাসী বানায়, পরে ভারত সরকার তাঁকে উদ্ধার করে। একই বছরে কর্ণাটকের আরেক নারীকে মারধর করে ভবনের তৃতীয় তলা থেকে ফেলে দেওয়া হয় দাম্মাম শহরে। এমন হাজার হাজার ঘটনার নথি রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আইএলও ও অন্যান্য সংস্থার রিপোর্টে। ভারত, নেপাল, ফিলিপাইন, বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার শ্রমিকরাই এই ব্যবস্থার সবচেয়ে বড় ভুক্তভোগী ছিলেন।
কেন শেষ হলো কাফালা
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপ, বিদেশি বিনিয়োগকারীদের আপত্তি ও সৌদির বৈশ্বিক ভাবমূর্তি রক্ষার প্রয়োজনে শেষমেশ সৌদি সরকার বাধ্য হয় এই ব্যবস্থা বাতিল করতে। সৌদি ক্রাউন প্রিন্স নিজেই উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা বিলুপ্ত করেন। আন্তর্জাতিক মহলে নিজেদের ‘আধুনিক’ ও ‘সংস্কারমুখী’ রূপ তুলে ধরতেই ছিল এই পদক্ষেপের অন্তর্নিহিত লক্ষ্য।
তবে এখনও কুয়েত, ওমান, লেবানন ও কাতার-এর মতো দেশে এই ‘কাফালা’ ব্যবস্থার নানা রূপ টিকে আছে। উপসাগরীয় অঞ্চলের প্রায় ২৫ মিলিয়ন বিদেশি শ্রমিক আজও এই ব্যবস্থার শৃঙ্খলে বন্দি। তাদের মধ্যে সর্বাধিক ৭.৫ মিলিয়ন ভারতীয়। সৌদি আরবের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক ঐতিহাসিক দৃষ্টান্ত।




