যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, মৃত্যু কমপক্ষে ২০ জনের

শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায়, মৃত্যু হয়েছে অন্তত ২০ জন যাত্রীর। দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৩টা নাগাদ, কাল্লুর মণ্ডলের চিনাতেকুর গ্রামসংলগ্ন মহাসড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি হঠাৎই একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যা বাসের নিচে আটকে যায় এবং জ্বালানি ট্যাংকে আঘাত হানার ফলে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী গভীর ঘুমে ছিলেন। বিস্ফোরণের পর এত দ্রুত আগুন ছড়ায় যে পালাবার সুযোগই মেলেনি অনেকের। যাত্রীদের আর্তচিৎকারে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মহাসড়কে। তবে, ২১ জন যাত্রী কোনওভাবে প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন বাসের দুই চালকও। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তৎপর হন।কুরনুল জেলার কালেক্টর এ সিরি জানিয়েছেন, “মোট ৪১ জন যাত্রী ছিলেন বাসে। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনের দেহ শনাক্ত করা গেছে, বাকি দেহগুলির পরিচয় জানার চেষ্টা চলছে।”

অন্ধ্রপ্রদেশ সরকার মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে।পরিবহনমন্ত্রী মান্দিপল্লি রামপ্রসাদ রেড্ডি বলেন, “এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে, ২৭ জনকে উদ্ধার করা গেছে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আমাদের ১৬টি উদ্ধার দল কাজ করছে।”

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বলেন, “এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। সব রাজ্যকেই এখন গণপরিবহনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে। আমরা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও জানান, “মাত্র ১৫ দিন আগেই ব্লু লাইন বাসেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, যদিও সেদিন সৌভাগ্যক্রমে সবাই রক্ষা পেয়েছিলেন। আজকের ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক ও সতর্কবার্তাস্বরূপ।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও