ওয়াশিংটন পোস্টের আদানি-সম্পর্কিত প্রতিবেদন নিয়ে মুখ খুলল এলআইসি

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও বাস্তববর্জিত বলে সরাসরি খারিজ করল এলআইসি। শনিবার এক বিবৃতিতে এলআইসি জানায়, তাদের সমস্ত বিনিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সততা ও নীতিনিষ্ঠার সঙ্গে, যথাযথ যাচাই-বাছাইয়ের পরেই সম্পন্ন করা হয়। ওই মার্কিন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার এ বছরের মে মাসে একটি প্রস্তাব দ্রুত কার্যকর করে এলআইসি থেকে প্রায় ৩.৯ বিলিয়ন ডলার আদানি গ্রুপে বিনিয়োগের পরিকল্পনা করে। এই প্রসঙ্গে এলআইসি-র স্পষ্ট বক্তব্য, “প্রতিবেদনে যেভাবে দাবি করা হয়েছে, তেমন কোনও পরিকল্পনা বা নথি এলআইসি কখনও তৈরি করেনি। আদানি গ্রুপের কোম্পানিগুলিতে তহবিল বিনিয়োগের জন্য কোনও রোডম্যাপ তৈরি করা হয়নি।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, “এলআইসি-র বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে নেওয়া হয়, বোর্ড অনুমোদিত নীতিমালার অধীনে এবং যথাযথ যাচাইয়ের পরেই। আর্থিক পরিষেবা দফতর (ডিএফএস) বা অন্য কোনও সরকারি সংস্থার এই সিদ্ধান্তে কোনও ভূমিকা নেই।” বিবৃতিতে এলআইসি আরও বলে, “আমরা সর্বোচ্চ মানের সততা ও সতর্কতা বজায় রেখেই বিনিয়োগ করি। সমস্ত প্রক্রিয়া আইন, নীতি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা অনুযায়ী পরিচালিত হয়, যাতে সকল অংশীদারের স্বার্থ রক্ষা পায়।” সংস্থার দাবি, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি “এলআইসি-র সুনাম ও ভারতের শক্তিশালী আর্থিক খাতের ভাবমূর্তি কলুষিত করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও