প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর দু’টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল। এবারে পাশের হার বেড়ে হয়েছে ৯৩.৭২ শতাংশ, যা গতবারের তুলনায় খানিকটা উন্নত। ছেলেদের ও মেয়েদের পাশের হারে খুব বেশি ফারাক নেই। তবে জেলাভিত্তিক হিসেবে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে নদিয়া এবং তৃতীয় স্থানে হাওড়া। । আর আশ্চর্যজনক ভাবে, কলকাতার অবস্থান এই তালিকায় ১২ তম স্থানে। বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি পাশের হার।বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৯৮.৮০ শতাংশ, আর্টসে ৯২.৫৪ শতাংশ এবং কমার্সে ৯৪.১৯ শতাংশ।’।
রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত এই তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৯ জন মেধাবী ছাত্রছাত্রী। সবচেয়ে লক্ষণীয় বিষয়, এই ৬৯ জনের মধ্যে ৬৮ জনই সায়েন্স বিভাগের, মাত্র একজন রয়েছেন কমার্স বিভাগ থেকে।
সবচেয়ে নজরকাড়া সাফল্য এসেছে পুরুলিয়া থেকে। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই মেধাবী ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। দু’জনের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ।
দ্বিতীয় স্থান দখল করেছেন মোট ১০ জন পরীক্ষার্থী, সকলেরই প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোহম ভৌমিক, যার প্রাপ্ত নম্বর ৯৮.৯২ শতাংশ।
মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দৌলতপুর হাইস্কুলের ছাত্রী দীপান্বিতা পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ।




