বিধানসভা ভোটের বছর শুরু হতেই রাজনৈতিক প্রচারে নতুন চমক। শুক্রবার বারুইপুরের সভামঞ্চে অভিনব কৌশলে এসআইআর (এসআইআর) ইস্যুকে সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে ব্রিগেডে যেমন র্যাম্পে প্রার্থীদের হাঁটিয়ে নজর কেড়েছিলেন, এ দিনও সেই র্যাম্পেই হাজির করালেন তিন জন ‘মৃত’ ভোটারকে। তিনজনই বাস্তবে জীবিত, অথচ ভোটার তালিকায় মৃত বলে নথিভুক্ত। সভামঞ্চে র্যাম্প বেয়ে উঠে আসেন মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। অভিষেকের দাবি, এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন তাঁদের মৃত ঘোষণা করেছে। ডায়মন্ড হারবারের সাংসদ মঞ্চ থেকে বলেন, “এই যে তিন জনকে দেখছেন, এঁরা সকলেই বেঁচে আছেন। অথচ নির্বাচন কমিশনের খাতায় এঁরা মৃত। এই দু’জন মেটিয়াবুরুজের বাসিন্দা, আর ইনি কাকদ্বীপের। শুধু এই তিন জনই নন, দক্ষিণ ২৪ পরগনায় এমন আরও অন্তত ২৪ জন রয়েছেন, যাঁদের মৃত দেখানো হয়েছে।” এই ঘটনাকে সামনে রেখে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে ফেলেন অভিষেক। সভায় উপস্থিত জনতার সামনে ‘মৃত’ ভোটারদের হাজির করে তিনি দাবি করেন, পরিকল্পিত ভাবেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অভিষেকের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর জানিয়েছে, একই ধরনের অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই ১২ থেকে ১৫ জনের কাছ থেকে এসেছে। প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। সিইও দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ইচ্ছাকৃত ভাবে এমন ভুল করা হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।




