আগামী সপ্তাহেই দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। সংস্থার অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, কর্পোরেট স্তরে মোট প্রায় ৩০ হাজার কর্মী কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দু’জন ব্যক্তির দাবি, আগামী মঙ্গলবার থেকেই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে। এর আগে গত অক্টোবর মাসে প্রায় ১৪ হাজার হোয়াইট-কলার কর্মীকে ছাঁটাই করেছিল অ্যামাজন, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। এবারও ছাঁটাইয়ের সংখ্যা প্রায় একই হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রগুলি নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ তারা এই বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি পাননি। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে অ্যামাজনের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন। সূত্রের খবর, অ্যামাজন ওয়েব সার্ভিসেস , রিটেল, প্রাইম ভিডিও এবং মানবসম্পদ বিভাগ যা ‘পিপল এক্সপিরিয়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে পরিচিত – এই সব শাখায় কর্মী ছাঁটাই হতে পারে। যদিও ঠিক কতটা পরিসরে ছাঁটাই হবে, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি জানানো হয়েছে, সংস্থার পরিকল্পনায় শেষ মুহূর্তে পরিবর্তনও হতে পারে।
অক্টোবর মাসের কর্মী ছাঁটাইয়ের সময় অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উত্থানকে কারণ হিসেবে উল্লেখ করেছিল। সংস্থার অভ্যন্তরীণ চিঠিতে বলা হয়েছিল, “ইন্টারনেটের পর এই প্রজন্মের এআই-ই সবচেয়ে রূপান্তরকারী প্রযুক্তি, যা সংস্থাগুলিকে আগের তুলনায় অনেক দ্রুত উদ্ভাবনের সুযোগ দিচ্ছে।” তবে পরে তৃতীয় ত্রৈমাসিকের আয় সংক্রান্ত বৈঠকে অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি স্পষ্ট করেন, এই ছাঁটাই মূলত আর্থিক কারণে বা সরাসরি এআই-এর জন্য নয়। তাঁর কথায়, “এটা আসলে সংস্কৃতির সমস্যা।” জ্যাসির দাবি, সংস্থার ভেতরে অতিরিক্ত প্রশাসনিক স্তর তৈরি হয়েছে, ফলে অপ্রয়োজনীয় স্তর ও কর্মীর সংখ্যা বেড়েছে। তিনি আরও বলেন, “এর ফলে আগে যেখানে কম লোকেই কাজ হতো, সেখানে এখন অনেক বেশি মানুষ ও অনেক বেশি স্তর তৈরি হয়েছে।” ২০২৫ সালের শুরুতেই জ্যাসি ইঙ্গিত দিয়েছিলেন, এআই ব্যবহারের মাধ্যমে দক্ষতা বাড়ার ফলে ভবিষ্যতে অ্যামাজনের কর্পোরেট কর্মীর সংখ্যা ধীরে ধীরে কমবে।
বর্তমানে বহু কর্পোরেট সংস্থা সফটওয়্যার কোড লেখা থেকে শুরু করে দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয় করতে এআই ব্যবহার করছে, যাতে খরচ কমানো যায় এবং মানবশ্রমের উপর নির্ভরতা হ্রাস পায়। গত ডিসেম্বর মাসে অ্যামাজনের বার্ষিক এডব্লিউএস ক্লাউড কম্পিউটিং সম্মেলনেও নতুন এআই মডেলের প্রচার করা হয়। মোট ৩০ হাজার কর্মী ছাঁটাই হলেও তা অ্যামাজনের মোট ১৫ লক্ষ ৮০ হাজার কর্মীর তুলনায় খুব বেশি নয়। তবে কর্পোরেট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশের কাছাকাছি হবে এই সংখ্যা। উল্লেখযোগ্যভাবে, অ্যামাজনের অধিকাংশ কর্মীই কাজ করেন ফালফিলমেন্ট সেন্টার ও গুদামঘরে। সংস্থার প্রায় তিন দশকের ইতিহাসে এটাই হতে চলেছে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই। এর আগে ২০২২ সালে প্রায় ২৭ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল অ্যামাজন। গত অক্টোবরে যাঁদের ছাঁটাই করা হয়েছিল, তাঁদের জানানো হয়েছিল ৯০ দিন পর্যন্ত তাঁরা বেতনভুক্ত থাকবেন। এই সময়ের মধ্যে তাঁরা সংস্থার ভিতরে অন্য পদে আবেদন করতে বা বাইরে নতুন চাকরির খোঁজ করতে পারবেন। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী সোমবার।




