চরম তাপঝুঁকির মুখে ভারত, সতর্ক করল অক্সফোর্ডের গবেষণা

বিশ্ব উষ্ণায়ন তীব্রতর হলে আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবীর বিপুল সংখ্যক মানুষ ভয়াবহ গরমের ঝুঁকিতে পড়তে পারে। এমনই সতর্কবার্তা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণা। গবেষণায় বলা হয়েছে, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় যদি বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে ২০৫০ সালের মধ্যে প্রায় ৩.৭৯ বিলিয়ন মানুষ, অর্থাৎ বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা, চরম তাপের কবলে পড়তে পারে। গবেষকদের মতে, এই বিপর্যয়ের জন্য ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে না। প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার কাছাকাছি পৌঁছনোর আগেই তাপপ্রবাহের তীব্রতা দ্রুত বাড়তে শুরু করবে। ২০১০ সালে বিশ্ব জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মানুষ চরম তাপের প্রভাব অনুভব করেছিলেন। নতুন গবেষণা বলছে, অদূর ভবিষ্যতেই সেই হার বেড়ে ৪১ শতাংশে পৌঁছাতে পারে।

অক্সফোর্ডের গবেষণায় জানানো হয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, লাওস ও ব্রাজিলের মতো দেশগুলিতে তাপমাত্রা বৃদ্ধির গতি সবচেয়ে দ্রুত হবে। তবে জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি মানুষ চরম তাপের মুখে পড়বেন ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও ফিলিপিন্সে। শুধু উষ্ণ দেশই নয়, গবেষণা অনুযায়ী শীতপ্রধান দেশগুলিও এই পরিবর্তন থেকে রেহাই পাবে না। ২০০৬-২০১৬ সময়কালের তুলনায় তাপমাত্রা যদি ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তবে অস্ট্রিয়া ও কানাডায় গরম দিনের সংখ্যা দ্বিগুণ হতে পারে। যুক্তরাজ্য, সুইডেন ও ফিনল্যান্ডে গরম দিনের সংখ্যা বাড়তে পারে প্রায় ১৫০ শতাংশ, নরওয়েতে প্রায় ২০০ শতাংশ, আর আয়ারল্যান্ডে প্রায় ২৩০ শতাংশ পর্যন্ত।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক ড. যেসুস লিজানা বলেন, “আমাদের গবেষণা দেখাচ্ছে, ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমায় পৌঁছানোর আগেই শীতলীকরণ ও উষ্ণতার চাহিদায় সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে যায়। এর অর্থ হলো, অনেক নীতিনির্ধারক যেটা ভাবছেন তার চেয়েও অনেক আগে বড় পরিসরে অভিযোজনমূলক পদক্ষেপ নিতে হবে।”

গবেষণায় আরও বলা হয়েছে, বিশেষ করে শীতপ্রধান দেশের আবাসন ও পরিকাঠামো দীর্ঘস্থায়ী গরম মোকাবিলার জন্য প্রস্তুত নয়। ঘরবাড়ি, পরিবহণ ব্যবস্থা ও বিদ্যুৎ পরিকাঠামো মূলত তাপ ধরে রাখার উপযোগী করে তৈরি, তাপ বের করে দেওয়ার জন্য নয়। ফলে তুলনামূলক কম তাপমাত্রা বৃদ্ধিতেও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যেই কোটি কোটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ প্রয়োজন হতে পারে। যদিও উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাপমাত্রা আরও বাড়তেই থাকবে। ড. লিজানা আরও বলেন, “২০৫০ সালের মধ্যে বৈশ্বিক নেট-জিরো কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ভবন খাতে দ্রুত ডিকার্বনাইজেশন করতে হবে এবং একই সঙ্গে আরও কার্যকর ও টেকসই অভিযোজন কৌশল গড়ে তুলতে হবে।”

অক্সফোর্ড মার্টিন ফিউচার অব কুলিং প্রোগ্রামের প্রধান এবং স্মিথ স্কুল অব এন্টারপ্রাইজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট-এর সহযোগী অধ্যাপক ড. রাধিকা খোসলা বলেন, এই গবেষণা ভবিষ্যতের চ্যালেঞ্জের ব্যাপকতা স্পষ্ট করে তুলে ধরেছে। তিনি বলেন, “১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অতিক্রম করলে শিক্ষা, স্বাস্থ্য, অভিবাসন ও কৃষির ওপর নজিরবিহীন প্রভাব পড়বে।” একই সঙ্গে, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে শীতলীকরণের চাহিদা দ্রুত বাড়বে, যা আবার নিঃসরণ বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। যদিও কানাডা ও সুইজারল্যান্ডের মতো দেশে গরম রাখার প্রয়োজন কিছুটা কমে যেতে পারে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও