নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় শেষের পথে। একযোগে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়া এই প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে দাবি, আপত্তি, শুনানি সবই প্রায় সম্পন্ন। ব্যতিক্রম শুধু উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে এখনও শুনানি পর্বের বড় অংশ বাকি, পাশাপাশি নতুন ভোটারের নাম তোলার কাজও শেষ করতে আরও সময় প্রয়োজন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের জন্য এসআইআর-এর সময়সীমা আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নতুন সূচি অনুযায়ী, আগামী ৬ মার্চ পর্যন্ত খসড়া ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন ও সংশোধনের সুযোগ থাকছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী ১০ এপ্রিল।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, তাঁর অনুরোধের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখেই সংশোধিত সময়সূচি জারি করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে উত্তরপ্রদেশ-সহ ৯টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করে নির্বাচন কমিশন। অন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য রয়েছে ১৪ ফেব্রুয়ারি। এর আগে, উত্তর প্রদেশে তৃতীয় দফা সময়সীমা বৃদ্ধির সময় কমিশন জানিয়েছিল, ৬ জানুয়ারি প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দাবি ও আপত্তি জানানোর সময় এবং ৬ মার্চ প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা। কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দাবি ও আপত্তি জানানোর সময় বাড়িয়ে ৬ মার্চ পর্যন্ত করা হয়েছে। ভোটারদের নোটিস পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত চূড়ান্ত। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ১৯ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে মোট ভোটারের সংখ্যা নেমে এসেছে ১৫.৪৪ কোটি থেকে ১২.৫৫ কোটিতে। শুধু তাই নয়, পরবর্তী ধাপে আরও ৩.৩৬ কোটি ভোটার অর্থাৎ প্রায় ২৬ শতাংশ ভোটারকে নোটিস পাঠানোর তালিকায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নোটিস পাওয়া ভোটাররা নির্ধারিত শুনানিতে হাজির না হলে বা প্রয়োজনীয় নথি জমা না দিলে তাঁদের নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে।
এদিকে উত্তর প্রদেশের বিরোধী দলগুলি, বিশেষ করে সমাজবাদী পার্টি (এসপি), ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে। এসপি প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, ফর্ম-৭ ব্যবহার করে পরিকল্পিতভাবে পিডিএ (পিছড়া, দলিত ও সংখ্যালঘু) সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ নাকচ করেছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিক স্পষ্ট করেছেন, ফর্ম-৭ ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়মকানুন রয়েছে, এবং সেই নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া চালানো হচ্ছে। তাঁর দাবি, ইচ্ছেমতো বা নির্বিচারে কোনও ভোটারের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। তবে কমিশনের আশ্বাসে ভরসা রাখতে নারাজ সমাজবাদী পার্টি। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে একাধিক জায়গায় শিবির খুলেছে এসপি। লখনউয়ের ক্যান্ট এলাকা সহ বিভিন্ন অঞ্চলে ফর্ম-৬ ও ফর্ম-৭ সংক্রান্ত সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। দলের নেতারা ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি এসপি-র ভোট কাটার উদ্দেশ্যে রচিত একটি গভীর ষড়যন্ত্র।
গত ২৪ জুন, ২০২৫-এ দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। গত দুই দশকে এই ধরনের পূর্ণাঙ্গ সংশোধন হয়নি। এতদিন ভোটার তালিকা প্রতি বছর এবং নির্বাচনের আগে নাম সংযোজন ও বিয়োজনের মাধ্যমেই সংশোধন করা হত। এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি রাজ্যের শেষ এসআইআর তালিকাকে ভিত্তি ধরে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে। যাঁরা সেই সময়ের তালিকায় ছিলেন, তাঁদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁদের নাম আগে ছিল না, তাঁদের নাগরিকত্ব-সহ যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই ব্যবস্থাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে পেছনের দরজা দিয়ে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালুর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন।




