গন্তব্য এক দ্বীপ থেকে অন্য দ্বীপ! সমুদ্রের ওপর দিয়ে চলছে গাড়ি

ভাবুন তো, চারদিকে নীল জলরাশির বদলে মাইলের পর মাইল শুধু ধবধবে সাদা বরফ। আর সেই জমাট বাঁধা সমুদ্রের ওপর দিয়েই হু হু করে ছুটছে আপনার গাড়ি! গন্তব্য এক দ্বীপ থেকে অন্য দ্বীপ। উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায় এখন এমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন সাধারণ মানুষ। তবে সাবধান! এই রাস্তায় গাড়ি চালাতে গেলে ট্রাফিক আইনের চেনা ছক ভুলে যেতে হবে। এখানে সিটবেল্ট পরা বারণ, আর গাড়ির স্পিডমিটারের দিকে নজর রাখাটা বাধ্যতামূলক। ​প্রকৃতির খেয়ালে সমুদ্র যখন হাইওয়ে ​গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ইউরোপে হাড়কাঁপানো ঠান্ডা। পারদ নেমেছে মাইনাস ১০ ডিগ্রিরও নিচে। আর সেই ঠান্ডাতেই কেল্লাফতে! বাল্টিক সাগর ও রিগা উপসাগরের মাঝে সমুদ্রের জল জমে তৈরি হয়েছে ২০ কিলোমিটার দীর্ঘ এক প্রাকৃতিক সেতু। এস্তোনিয়ার দুই প্রধান দ্বীপ সারেমা এবং হিউমা-র মধ্যে সংযোগকারী বরফ-পথটি রবিবার সরকারিভাবে খুলে দেওয়া হয়েছে।

টানা কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা -১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সমুদ্র জমে বরফ হয়ে যায়, ফলে নিয়মিত ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। দ্বীপবাসীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেরাই বরফের ওপর দিয়ে গাড়ি চালানো শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এই বৈধ বরফ পথ তৈরির সিদ্ধান্ত নেয়। ​প্রায় ৯ হাজার জনসংখ্যার ছোট দ্বীপ হিইউমার বাসিন্দারা কেনাকাটা, কফি পান কিংবা সন্তানদের স্কুলে পৌঁছে দিতে প্রায় ৩১ হাজার জনসংখ্যার বড় দ্বীপ সারেমায় যাতায়াত করেন। সারেমায় পৌঁছালে মূল ভূখণ্ড এস্তোনিয়ার সঙ্গেও যোগাযোগ সহজ হয়। হিইউমার মেয়র হার্গো তাসুজা বলেন, প্রয়োজনের তাগিদে আইস রোড খোলা হলেও এটি তাদের সংস্কৃতিরও অংশ। তাঁর ভাষায়, “প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ, বিশেষ করে সমুদ্রসংলগ্ন বাসিন্দারা, গ্রীষ্মে সাঁতার কাটেন ও নৌকা ব্যবহার করেন। আর শীত এলে সমুদ্রের দিকে যাওয়াটা যেন তাদের রক্তে মিশে আছে, বরফের ওপর পা রাখা তাদের স্বাভাবিক অভ্যাস।”

এই ‘আইস রোড’ মূলত জমাট বাঁধা সমুদ্রের ওপর চিহ্নিত একটি নির্দিষ্ট করিডর, যেখানে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে বরফের পুরুত্ব গাড়ির ওজন বহনের জন্য যথেষ্ট। রাস্তা প্রস্তুত করা সহজ নয় বলে জানান নির্মাণ প্রতিষ্ঠান ভার্সটন এস্তি-এর রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক মারেক কোপেল। প্রতি ১০০ মিটার অন্তর বরফের পুরুত্ব মাপা হয়। নিরাপত্তার জন্য কমপক্ষে ২৪ সেন্টিমিটার পুরু বরফ প্রয়োজন। উঁচুনিচু জমাট বরফ ও ফাটল সমান করা হয়। আবহাওয়া ও বরফের দৃঢ়তা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী পথ পরিবর্তন করা হয়।

​সমুদ্রের ওপর দিয়ে গাড়ি চালানো যতটা রোমাঞ্চকর, ততটাই বিপজ্জনক। তাই এই রাস্তায় চলাচলের জন্য বেশ কিছু অদ্ভুত কিন্তু জরুরি নিয়ম জারি করা হয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে বা বরফ ভেঙে গাড়ি ডুবে যাওয়ার উপক্রম হলে যাতে দ্রুত বেরিয়ে আসা যায়, সেজন্য যাত্রীদের সিটবেল্ট না পরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাড়ির দরজাও সহজে খোলার মতো অবস্থায় রাখতে হবে। নিয়ম অনুযায়ী, কোনো গাড়ির ওজন ২.৫ টনের বেশি হতে পারবে না। গতি হতে হবে হয় ২০ কিমি/ঘণ্টার নিচে, নয়তো ৪০ থেকে ৭০ কিমি/ঘণ্টার মধ্যে। মাঝামাঝি গতিতে চললে এমন কম্পন সৃষ্টি হতে পারে যা বরফের ক্ষতি করতে পারে। গাড়ি থামানো নিষিদ্ধ এবং একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত বেরিয়ে আসার সুবিধার্থে যাত্রীদের সিটবেল্ট পরা যাবে না এবং গাড়ির দরজা সহজে খোলা যায় এমন অবস্থায় রাখতে হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও